সৌদির ভিসার মেয়াদ শেষেও থাকা যাবে ৩০ দিন

আপডেট : ৩০ জুন ২০২৫, ০২:৫৫ এএম

হিজরি নববর্ষ উপলক্ষে সৌদি আরব ভিসার মেয়াদ শেষ হওয়া বিদেশিদের জন্য সুখবর দিয়েছে। দেশটির পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াযাত) জানিয়েছে, কেউ যদি মেয়াদোত্তীর্ণ ভিসা থাকা অবস্থায় বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে চান এবং সময় বাড়ানোর আবেদন করেন, তবে তাদের ভিসার মেয়াদ অতিরিক্ত ৩০ দিন বাড়ানো হবে।

এই সুবিধাটি চলতি হিজরি বছরের প্রথম দিন, অর্থাৎ ২৭ জুন ২০২৫ থেকে কার্যকর হয়েছে। সৌদি কর্র্তৃপক্ষ জানিয়েছে, এটি সব ধরনের ভিসাধারীদের জন্য প্রযোজ্য হবে, শুধু হজযাত্রীদের জন্য নয়।

সুবিধাটি গ্রহণ করতে আগ্রহীদের সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আবশের’ ই-প্ল্যাটফর্মের ‘তাওয়াসুল’ সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের নির্ধারিত ফি ও আইনি জরিমানা পরিশোধ করতে হবে।

এর আগে হজের সময় সৌদি সরকার জানায়, হজ ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সবাইকে সৌদি আরব ত্যাগ করতে হবে। কিন্তু এবার হিজরি নববর্ষে সৌদি আরব আরও উদারতা দেখিয়ে সব বিদেশির জন্য এ মেয়াদ বৃদ্ধির সুবিধা চালু করেছে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশত্যাগ শুধু আইনগত দায়িত্ব নয়, বরং এটি সৌদির আইনের প্রতি সম্মান প্রদর্শনের অংশও।

এই ঘোষণার ফলে সৌদিতে অবস্থানরত মেয়াদোত্তীর্ণ ভিসাধারীরা নির্দিষ্ট নিয়মে আবেদন করে বৈধভাবে দেশত্যাগ করতে পারবেন এবং ভবিষ্যতে সৌদি আরবে পুনরায় ভ্রমণের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত