ফ্যাসিস্ট শাসনের পতন হলেও কাঠামো টিকে আছে

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৭:২০ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও তার কাঠামো এখনো টিকে আছে। দেশে এখনো মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব ও সন্ত্রাস বিরাজমান। আমাদের লড়াই শেষ হয়নি। নতুন একটি ন্যায়ভিত্তিক দেশ গঠনের লক্ষ্যে এই সংগ্রাম অব্যাহত থাকবে।’

গতকাল বুধবার বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়ায় আয়োজিত এক পথসভায় এমন কথা বলেন নাহিদ ইসলাম। পথসভায় নাহিদ বলেন, ‘কুড়িগ্রাম শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি অধিকারবঞ্চিত চরবাসীর লড়াই, ভূমিহীনদের সংগ্রাম, সীমান্তে ফেলানীর ঝুলন্ত লাশের বেদনা এবং তিস্তা চুক্তির আন্দোলনের প্রতীক। এই কুড়িগ্রামের মর্যাদা রক্ষায় এনসিপির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’

ঘোষপাড়ার পথসভার আগে নাহিদ রাজারহাটে আরেকটি পথসভায় বক্তব্য রাখেন। উভয় পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অন্য নেতারা বক্তব্য দেন।

এনসিপির এই পদযাত্রা ও পথসভায় কুড়িগ্রামের ৯টি উপজেলা থেকে হাজার হাজার মানুষ যোগ দেয়। কুড়িগ্রামে পদযাত্রা শেষে নেতারা ফুলবাড়ী উপজেলায় আরেকটি পথসভা শেষ করে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন।

এদিকে লালমনিরহাট প্রতিনিধি জানিয়েছেন, গত মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে আয়োজিত পথসভায়ও বক্তব্য দেন নাহিদ ইসলাম। পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি সভাটি সঞ্চালনাও করেন।

সভায় নাহিদ ইসলাম বলেন, ‘সংবিধানিক ও রাজনৈতিক সংস্কার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি।’

তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে নাহিদ বলেন, ‘তিস্তা প্রকল্প নিয়ে কোনো টালবাহানা বরদাশত করবে না এনসিপি। বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন পরিকল্পনায় যেন লালমনিরহাট উপেক্ষিত না হয়, তা নিশ্চিত করতে হবে।’

সমাবেশে নেতারা সরকারের ব্যর্থতা, দলীয় দুর্নীতি ও নির্বাচনব্যবস্থার সংস্কারের দাবি তুলে ধরেন। পাশাপাশি তারা লালমনিরহাটের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত