রাশিয়ার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ফের কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। গতকাল শুক্রবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া এই এক রাতে রেকর্ড ৫৫০টি ড্রোন এবং ১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ৭২টি ড্রোন কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে শহরে আঘাত হানে। এতে স্কুল, ভবন ও গাড়ি আগুনে পুড়ে যায় এবং রেলপথসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
হামলার কারণে টানা আট ঘণ্টারও বেশি সময় কিয়েভে বিমান হামলার সাইরেন বাজে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে যুদ্ধের অন্যতম ‘সাবলীল ও নিষ্ঠুর’ আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাশিয়া আবারও প্রমাণ করল, তারা যুদ্ধ শেষ করতে চায় না। তিনি জানান, হামলার কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে কথা হয়েছিল।
