মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ বাংলাদেশের জন্য একটি গুরুতর সতর্কতা। এটি কেবল আইনশৃঙ্খলার বিষয় নয়, বরং বাংলাদেশি অভিবাসী শ্রমশক্তির ভাবমূর্তি, ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ এবং বৈদেশিক রেমিট্যান্সের প্রবাহের ওপরও প্রভাব ফেলতে পারে। অবশ্য কুয়ালালামপুরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তদন্ত করতে বাংলাদেশ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ ছাড়া, ফেরত পাঠানো ব্যক্তিদের বাংলাদেশে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরকার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
সম্প্রতি মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী এক চাঞ্চল্যকর ঘোষণায় জানিয়েছে, ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জন বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে। কুয়ালালামপুরে মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ ইসমাইল জানান, আটককৃতরা সিরিয়া ও বাংলাদেশে আইএসকে অর্থায়ন এবং অনলাইন প্ল্যাটফর্মে চরমপন্থি প্রচারণার সঙ্গে জড়িত। এই ঘোষণায় ঢাকা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।
কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের শ্রমবাজারের গভীর সম্পর্ক রয়েছে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত জরুরি। এটি শুধু মালয়েশিয়ার জন্য নয়, অন্যান্য দেশের শ্রমবাজারের জন্যও হুমকি সৃষ্টি করতে পারে। মালয়েশিয়ার স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেররিজম ইউনিটের তদন্তে উঠে এসেছে, ‘গেরাকান মিলিটান্ট র্যাডিকাল বাংলাদেশ’ (জিএমআরবি) নামে একটি গোষ্ঠী হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে সক্রিয় ছিল। এই গোষ্ঠী বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ধর্মীয় চেতনার অপব্যাখ্যার মাধ্যমে সদস্য সংগ্রহ করত। গোষ্ঠীর সদস্যদের বছরে ৫০০ রিঙ্গিত পর্যন্ত চাঁদা দিতে হতো।
তিনজন দেশে ফিরেছেন : এই ঘটনার পর প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘আটককৃতদের মধ্যে তিনজন বাংলাদেশে ফিরেছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী সময়ে ফেরত আসা ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। জঙ্গিবাদে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘মালয়েশিয়া আমাদের গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম দেশ। লক্ষাধিক বাংলাদেশি শ্রমিক সেখানে কাজ করছেন। কিছু ব্যক্তির কর্মকাণ্ডে যেন শ্রমজীবী জনগোষ্ঠীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সরকার সতর্ক রয়েছে।’
তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতার প্রতিশ্রুতি
বাংলাদেশ সন্ত্রাসবাদের তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করতে প্রস্তুত। গত শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়ার কর্র্তৃপক্ষ গত সপ্তাহে ঘোষণা করেছে, উগ্র জঙ্গি আন্দোলনে জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ান কর্র্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। বাকিদের তদন্ত বা ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার এই ঘটনার ওপর নিবিড় নজর রাখছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ান কর্র্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছে। প্রয়োজনে হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা দেবে। বাংলাদেশ সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং মালয়েশিয়ান কর্র্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত।
আইনি প্রক্রিয়া ও সম্ভাব্য বিচার
পুলিশপ্রধান খালিদ ইসমাইল জানান, ৩৬ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলার প্রস্তুতি চলছে। ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে, এবং বাকি ১৬ জন পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তাদের মালয়েশিয়ার আইনে বিচার করা হবে। তুলনামূলকভাবে কম জড়িত ব্যক্তিদের দেশে ফেরত পাঠিয়ে তদন্তের আওতায় আনা হবে।
ভাবমূর্তি ও শ্রমবাজারের ঝুঁকি
বিশ্লেষকদের মতে, এই ঘটনা বাংলাদেশের শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মালয়েশিয়ার পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ অন্যান্য দেশে বাংলাদেশি শ্রমিকদের প্রতি সন্দেহ বাড়তে পারে। এতে ভবিষ্যতে ভিসা প্রক্রিয়া, চাকরির অনুমোদন ও নিয়োগে জটিলতা দেখা দিতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘নেতিবাচক ঘটনা ভিসা প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। তবে সঠিক পদক্ষেপ গ্রহণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।’
বিশেষজ্ঞরা প্রবাসী শ্রমিকদের জন্য প্রাক-প্রস্থান প্রশিক্ষণ, কঠোর যাচাই, নজরদারি ও সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন, প্রি-ডিপারচার প্রশিক্ষণে উগ্রবাদবিরোধী সচেতনতামূলক সেশন বাধ্যতামূলক করা। বিদেশে নিযুক্ত হাইকমিশনগুলোকে তথ্য আদান-প্রদানে দ্রুত প্রতিক্রিয়াশীল করা। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ নজরদারি পদ্ধতি চালু করা। ভিসা যাচাইকরণে স্বচ্ছতা ও তথ্য বিনিময় বৃদ্ধি করা
