আকু পরিশোধের পর রিজার্ভ ২৯.৫৩ বিলিয়ন ডলার

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১২:২৪ এএম

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মে ও জুন মাসের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার আকুকে ২ বিলিয়ন ডলার পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে। তবে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা বজায় থাকায় এই পরিশোধের পরও রিজার্ভ গ্রহণযোগ্য ও স্থিতিশীল অবস্থানে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আকুর বিল হিসেবে ২০১৯ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। কিন্তু তাতেও রিজার্ভে বড় চাপ পড়েনি। বৈদেশিক মুদ্রার সঞ্চয় এখনো স্থিতিশীল। প্রবাসী আয় ও রপ্তানি আয়ের উন্নতির কারণেই এটি সম্ভব হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ৭ জুলাই শেষে মোট রিজার্ভ দাঁড়ায় ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলার, আর আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে এই রিজার্ভ ২৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। তবে নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর) বা প্রকৃত রিজার্ভ ছিল ২৯ জুন পর্যন্ত ২০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা আকুর বিল পরিশোধের পরও ১৮ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে। বর্তমানে প্রতি মাসে গড়ে ৫.৫ বিলিয়ন ডলার আমদানি ব্যয় বিবেচনায়, এই রিজার্ভ দিয়ে প্রায় সাড়ে তিন মাসের আমদানি খরচ মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী, ন্যূনতম তিন মাসের আমদানি ব্যয় পরিশোধ সক্ষমতা থাকলে রিজার্ভকে নিরাপদ ধরা হয়। সেই হিসেবে বাংলাদেশ এখন তুলনামূলক ভালো অবস্থানে আছে।

রাজনৈতিক পটপরিবর্তন ও বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের রপ্তানি খাতে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে পণ্য রপ্তানি আয় ৮ দশমিক ৫৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলারে। আগের বছর এই আয় ছিল ৪৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলার।

রেমিট্যান্সেও অভাবনীয় সাফল্য এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। আগের অর্থবছরে এই আয় ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার, অর্থাৎ ২৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, হুন্ডি ও অবৈধ পথে অর্থ পাঠানো রোধে কঠোর অবস্থানের ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এই ধারাবাহিক প্রবাহ দেশের ডলার সংকট মোকাবিলায় সহায়ক হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত