সিঙ্গাপুর থেকে ৫৩১ কোটি টাকা ব্যয়ে আসবে এলএনজি

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১২:২৬ এএম

দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুর থেকে এই এক কার্গো এলএনজি আনতে ব্যয় হবে ৫৩১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৩৪৫ টাকা। একই সঙ্গে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত অনুমোদন হয়েছে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এ সময় ৩০ টন সার কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে কেনার অনুমোদন দিয়েছে এ কমিটি, যাতে ব্যয় ধরা হয়েছে ১৪৬ কোটি ৫৩ লাখ ১১ হাজার টাকা।

পেট্রোবাংলা থেকে এই এক কার্গো এলএনজি সরবরাহের জন্য এমএসপিএ স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছে দরপ্রস্তাব আহ্বান করা হলে পাঁচটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। দাখিল করা পাঁচটি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপন্সিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের ভাইটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে এই এক কার্গো এলএনজি আনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি এমএমবিটিইউর দাম ধরা হয়েছে ১২ দশমিক ৬২ মার্কিন ডলার। এতে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৩১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৩৪৫ টাকা।

বৈঠক সূত্র বলছে, শিল্প মন্ত্রণালয় ১৪৬ কোটি ৫৩ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে ৩০ হাজার টন সার কেনার প্রস্তাবনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মে টন ইউরিয়া সারের মূল্য ধরা হয়েছে ৩৯৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটকালী মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের প্যাকেজ নম্বর-ডব্লিউপি-৩-এর পূর্তকাজের ক্রয়ের অনুমোদন চাওয়া হলে উপদেষ্টা পরিষদ তার অনুমোদন দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত