নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৯:৩০ এএম

নড়াইলের কালিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রামবাসীর হামলায় জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে পৌরসভার কুলশুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান কালিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে কালিয়া পৌর এলাকার শহীদ এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবুপুর ও কুলসুর গ্রামের মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা চলাকালে উভয় পক্ষের খেলোয়ার ও সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

উত্তেজনা এক পর্যায়ে থামলেও কিছুক্ষণ পর বাবুপুর দলের সমর্থকেরা জিল্লুর রহমানকে তার চাচাতো ভাই পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সরদারের বাড়িতে গিয়ে হামলা করে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এসময় জিল্লুর পা সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

জিল্লুকে পরিবারের লোকজন ও স্থানীয়রা প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সেখানে চিকিৎসক জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন। 
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বাবুপুর ও কুলসুর গ্রামের মধ্যকার ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে জিল্লুর রহমান সরদার নামে একজন নিহত  হন। ঘটনার পর কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করছে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এলাকায় পুলিশ মোতায়েন থাকায় বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত