নির্বাচনের তফসিল ঘোষণার এক মাস আগপর্যন্ত বয়স ১৮ পূর্ণ হলে ভোটার হওয়ার বিধান রেখে ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অন্যদিকে মানবদেহে অঙ্গ প্রতিস্থাপন আরও সহজ করতে অন্য একটি অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ফলে ভাতিজা, ভাতিজির মতো নিকটাত্মীয়রাও অঙ্গ দান করতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এসব অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত অধ্যাদেশের ব্যাখ্যায় তিনি বলেন, এতদিন নাগরিকরা কোনো বছরের ডিসেম্বরের মধ্যে যাদের বয়স ১৮ পূর্ণ হয়, পরবর্তী বছর জানুয়ারিতে এসে হালনাগাদ তালিকায় আসতে পারতেন। প্রতি বছর জানুয়ারির ২ তারিখে নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশ করে। মার্চ মাসের ২ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করে। তালিকা প্রকাশ এবং পরে জাতীয় নির্বাচন আয়োজনের মাঝামাঝি সময়ে যারা ভোটার হওয়ার বয়সে উপনীত হন, তারা আর ভোট দিতে পারেন না। পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হয়।
ফয়েজ আহমদ বলেন, এখন সংশোধনে যেটা করা হয়েছে তা হলো নির্বাচন কমিশন মনে করে যেহেতু তফসিল ঘোষণার আগেই একটা চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয়, তাই যৌক্তিক সময়ের মধ্যে যারা ভোটার হওয়ার উপযুক্ত হন তারা যেন ভোটার হতে পারেন। তফসিল ঘোষণার অন্তত এক মাস আগে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা এখন ভোটার হতে পারবেন।
উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, ধরুন একটি নির্বাচন হবে। তার দুই মাস আগে তফসিল ঘোষণা করা হয়। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, সর্বোচ্চ নভেম্বরে তফসিল ঘোষণা করতে হবে। তার মানে নভেম্বর পর্যন্ত যেসব নাগরিক ভোটার হওয়ার উপযোগী হন, তারা ভোট দেওয়ার সুযোগ পান না। বরং তার আগের বছরের ডিসেম্বর পর্যন্ত যারা ১৮ বছর হয়েছেন, শুধু তারা সুযোগ পান। আজকে যে অধ্যাদেশ অনুমোদন হয়েছে, এর ফলে ডিসেম্বরে যদি ভোট হয়, যখন নির্বাচনী তফসিল ঘোষণা হবে, তার অন্তত এক মাস আগ পর্যন্ত কোনো ব্যক্তির বয়স ১৮ বছর হলে তিনি ভোটার হওয়ার জন্য যোগ্য হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।
অঙ্গ প্রতিস্থাপন সহজ হচ্ছে : এদিকে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ-২০২৫-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
এ বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, চোখ, কিডনি বা এই ধরনের অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন হলে এখন শুধু নিকটাত্মীয়দের কাছ থেকে নেওয়ার সুযোগ আছে। আইনটি দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। অঙ্গ প্রতিস্থাপন বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে কথা বলে ও আন্তর্জাতিক আইন অনুযায়ী দেশের এ আইনটি পরিবর্তন করা হয়েছে। এতে করে অঙ্গ দানের ক্ষেত্রে দাতার পরিধি বেড়েছে।
অঙ্গ প্রতিস্থাপন আরও সহজ হবে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক আইন মেনে এখন কাছের আত্মীয়ের সংজ্ঞাটি একটু বিস্তৃত করা হয়েছে। এ ছাড়া অনেকে দেহ দান করে যেতে চান। সে ক্ষেত্রে অঙ্গগুলো কীভাবে কাজে লাগানো যাবে, মৃত্যুর পর মরদেহ থেকে কীভাবে অঙ্গ সংগ্রহ করা যাবে এবং কীভাবে প্রতিস্থাপন করা যাবে, সে বিষয়েও বলা হয়েছে অধ্যাদেশে। কিডনি ট্রান্সপ্ল্যান্টের (প্রতিস্থাপন) জন্য এখন আর বিদেশ যাওয়া লাগবে না।
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আইনে বিস্তারিত বলা আছে। তবে যতটুকু জানি, আগে ভাতিজা-ভাতিজি, ভাগ্নে-ভাগ্নিরা অঙ্গ দান করতে পারতেন না। এখন সেটা করা যাবে। এ ছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫-এর খসড়াও লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ খসড়ার ফলে বিনিয়োগ উন্নয়ন বোর্ডের বাইরে থেকেও কিছু লোক নিয়োগ দেওয়া যাবে বলে জানান প্রেস সচিব।
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে গঠিত কমিটি পুরো ঘটনা তদন্ত করবে। ঘটনা কেন হলো, কীভাবে মৃত্যুগুলো হলো সব বিষয় দেখবে তদন্ত কমিটি। সহিংসতা কারা করল, সেটিও দেখা হবে।
