পার্বতীপুর 

৭৭ হাজার ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ উদ্বোধন করলেন ইউএনও

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৯:৩৪ পিএম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসনের ৭৭ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. সাদ্দাম হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আহছান হাবিব, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী মো. মানিক মিঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম ও পার্বতীপুর পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন প্রমুখ। 

উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল স্কুল, কলেজ, মাদ্রাসায় গাছের চারা প্রদান করা হচ্ছে। পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়ক, পার্বতীপুর-রংপুর সড়ক, পৌরসভার ১নম্বর ওয়াডের্র দরিখামার রাস্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা, খেলার মাঠ, ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস, খাস পুকুর পাড়সহ উপযুক্ত স্থান সমূহে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে।  

এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. সাদ্দাম হোসেন বলেন, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবীর জন্য বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জরুরি একটি কাজ। আমাদের জেলা প্রশাসক স্যারের গৃহীত উদ্যোগ বাস্তবায়নে উপজেলায় ৭৭ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে অবশ্যই পরিবেশ রক্ষায় মনোযোগ দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত