সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে। তিনি আরও বলেছেন, উন্নয়নের জন্য প্রকৌশল শিক্ষার গুরুত্ব অপরিসীম। গতকাল শনিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে সেনাবাহিনীপ্রধান বলেন, ‘মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয়।’ তিন দিনব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণাসহ নানা বিষয়ে আলোচনা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন। এ সময় পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কার দেন সেনাপ্রধান।
