ছিনতাইয়ের এক আসামিকে ধরিয়ে দেওয়ায় জের পুলিশের সোর্স আল আমিন ওরফে পাতা আল আমিনকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মোশারফ হোসেন (২৬) ও রিপন ওরফে গিট্টু রিপনকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার ভোলার চরফ্যাশন থানাধীন বেতুয়া লঞ্চঘাট থেকে যৌথ অভিযান পরিচালনা করে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে র্যাব-২ ও র্যাব-৮।
গত ১৬ জুলাই সন্ধ্যায় আল আমিন মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আসামি মোশারফের নেতৃত্বে রিপন ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্র দিয়ে আল আমিনের ওপর নৃশংস হামলা করে।
গতকাল র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু বলেন, নিহত আল আমিন একটি আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করত। রাজধানীর শেরেবাংলা নগরের একটি ছিনতাইয়ের ঘটনায় গত কয়েক দিন
আগে কিশোর গ্যাং লিডার ও মাদক কারবারি মোশারফের ছোট ভাই মান্নানকে পুলিশে ধরিয়ে দিতে সাহয্য করেছিলেন নিহত আল আমিন। পরে এরই জের ধরে মোশারফ, রিপন ওরফে গিট্টু রিপনসহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আল আমিনকে হত্যার পরিকল্পনা করে।
