যারা সারের ডিলারশিপ নিয়ে ঝামেলা করছে, তাদের জায়গায় নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ডিলার নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যোগ্যদের বিবেচনায় নেওয়া হবে। এখন থেকে রাজনৈতিক বিবেচনায় কোনো ডিলারশিপ দেওয়া হবে না। গতকাল সোমবার কৃষি মন্ত্রণালয়ে এডিপি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদ উল্লাহ মিয়ান উপস্থিত ছিলেন।
কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, সারের যে মজুদ রয়েছে, তাতে আগামী নভেম্বর পর্যন্ত কোনো সংকট হবে না। অন্যদিকে সাশ্রয়ী মূল্যে সার আমদানির জন্য সরকার চেষ্টা করছে, কারণ কোনো কোনো দেশে সারের মূল্য বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি মালয়েশিয়ার সঙ্গে সার কেনার বিষয়ে চুক্তি হয়েছে। আপাতত সারের কোনো ঘাটতি নেই। এ বছর দেশে শাকসবজি, পেঁয়াজ ও আলু উৎপাদন ভালো হয়েছে। আলু অধিকমাত্রায় উৎপাদন হওয়ায় কৃষকরা আলুর দাম পাচ্ছেন না। সে কারণে সরকার ওএমএস কার্যক্রমে আলু অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে গত বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ লাখ টন ধান বেশি উৎপাদন হয়েছে বলেও জানান তিনি।
কৃষি উপদেষ্টা জানান, দেশে খাদ্যসংকটের কোনো সম্ভাবনা নেই। শাকসবজি সংরক্ষণে ১০০ মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে। পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আধুনিক সংরক্ষণাগার নির্মাণ ও এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হচ্ছে।
এই উপদেষ্টা আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বন্যায় দেশের পাঁচটি জেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। সারের মূল্য পরিশোধ করতে সরকারের হিমশিম খেতে হয়। তবে সে সংকট সরকার কাটিয়ে উঠেছে।
তবে যারা কৃষি খাতে দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কৃষি উপদেষ্টা। তিনি বলেন, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে যে দুর্নীতি হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুদককে জানানো হয়েছে।
এদিকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, নোয়াখালী, ফেনীসহ ক্ষতিগ্রস্ত এলাকায় শাকসবজির বীজ প্রণোদনা হিসেবে দেওয়া হচ্ছে। এ বিষয়ে সরকারের ব্যাপক প্রস্তুতি রয়েছে।
