জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মার্চ ফর গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে টুঙ্গিপাড়া থানায় ও সদর থানায় ভাঙচুরের নতুন আরো ২টি মামলা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে (২২ জুলাই) ৮২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা ২০০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন। গোপালগঞ্জ সদর থানায় গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার তানিয়া জামান বাদী হয়ে ১৬০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত এক হাজার জনকে আসামি করে ভাঙচুরের মামলা করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গত ১৬ জুলাই জেলা কারাগারের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কারাগারের জেলার তানিয়া জামান বাদী হয়ে ভাঙচুরের মামলা করেছেন। এ নিয়ে এ ঘটনায় মামলার সংখ্যা ৮ থেকে বেড়ে ১০-এ দাঁড়াল। এসব মামলায় মোট আসামি করা হয়েছে ৯ হাজার ৮৪৬ জনকে। আর এ পর্যন্ত ৩২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানিয়েছেন, ১৬ জুলাই এনসিপির পদযাত্রা ও পথসভাকে ভন্ডুল করতে টুঙ্গিপাড়ায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, গত ১৯ জুলাই রাতে নিহত ৪ যুবকের পক্ষে পুলিশ বাদী হয়ে ৪টি হত্যা মামলা দায়ের করেন। নিহত সোহেল রানা পক্ষে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ, নিহত দীপ্ত সাহার পক্ষে উপ-পরিদর্শক শামীম হোসেন, নিহত ইমন তালুকদারের পক্ষে উপ-পরিদর্শক শেখ মিজানুর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তিনটির প্রত্যেক মামলায় অজ্ঞাত ১ হাজার ৫০০ আসামি করা হয়েছে। অপর মামলাটি রমজান কাজির পক্ষে করেন উপ-পরিদর্শক আইয়ুব আলী। মামলায় অজ্ঞাত ৯০০ জনকে আসামি করা হয়েছে। চারটি হত্যা মামলায় মোট আসামি করা হয়েছে ৫ হাজার ৪০০ জনকে।
এর আগে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগে মোট চারটি মামলা করা হয়। গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় মামলা গুলো করে পুলিশ। চারটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২ হাজার ৬৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে নতুন গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩২২ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি
বিশ্বকাপ জয়ী ও গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নের ৯ বছরের সংসার ভেঙে গেলো