একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৭:২১ এএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, ‘জীবনের শেষ প্রান্তে এসে কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই। আমার লক্ষ্য একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়, এজন্য আমি দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।’

গতকাল শুক্রবার যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনায় যাওয়ার পথে জুমার নামাজের জন্য যাত্রা বিরতি করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমি দীর্ঘ সরকারি চাকরি জীবনে অনেক দায়িত্ব পালন করেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু এই মুহূর্তে যে গুরুদায়িত্ব আমার কাঁধে এসেছে, তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। এ লক্ষ্য অর্জনে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’

এ সময় তিনি ঢাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য মসজিদে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং শোক প্রকাশ করেন।

মসজিদে এ সময় যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, স্থানীয় প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

যশোর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বিমানযোগে সিইসি যশোর আসেন। তিনি যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায়ের পর সার্কিট হাউজে অবস্থান করেন এবং দুপুরে খাবার খেয়ে খুলনার উদ্দেশে রওনা হন। খুলনায় আজ শনিবার সকাল ১০টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ অঞ্চলের সব নির্বাচন কর্মকর্তার সঙ্গে সভা করবেন। পরে বিকেল সাড়ে ৩টায় খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করবেন। এতে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, বিজিবির সেক্টর কমান্ডার, আনসারের উপ-মহাপরিচালক, কোস্ট গার্ডের জোনাল কমান্ডার, র‌্যাবের অধিনায়ক, সব জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত