ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১২:৫০ এএম

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন-২) থেকে জারি করা এক অফিস আদেশে সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিল করার কথা জানানো হয়। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুস্তাফিজুর রহমানকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৪ জুলাই এই অফিস আদেশ জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। এই অফিস আদেশে বলা হয়, প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

জানা গেছে, এক মাসেরও বেশি সময় ধরে বাণিজ্য সংগঠনটিতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে আশা এগ্রো প্রডাক্টের মালিক মো. ওয়ালিউর রহমান জোর করে সংগঠনটির চেয়ারম্যান পদ দখল করেন। গত ২১ জুন সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাইজুর রহমান বকুলের সভাপতিত্বে বোর্ড সভা চলছিল। এই সময় শতাধিক লোক নিয়ে মিটিংয়ে প্রবেশ করেন ওয়ালিউর রহমান। তিনি জোর করে ফাইজুর রহমান বকুলকে সরিয়ে নিজেকে চেয়ারম্যান হিসেবে বোর্ড মেম্বারদের কাছ থেকে অনুমোদন করিয়ে নেন। এই বিষয়টিকে পর্ষদের সদস্যরা ভালোভাবে নেননি, শুরু হয় অন্তঃকোন্দল।

এর পর থেকেই সংগঠনে অস্থিরতা তৈরি হয়। এই অস্থিরতায় বাণিজ্য সংগঠন অনুবিভাগের কাছে লিখিত অভিযোগ করা হয় দুই পক্ষ থেকে। ওয়ালিউর রহমান একটি চিঠি দেন, অপর পক্ষে সংগঠনের সেক্রেটারিয়েট থেকে নির্বাহী সচিব একটি চিঠি দেন। দুই চিঠিতে ভিন্নমত দেখা যায়। এরপর চিঠি প্রদানকারী দুজনকেই কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। নোটিসের জবাব সন্তোষজনক না হওয়ায় এই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।    

বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, যেহেতু সংগঠনের চেয়ারম্যান ও নির্বাহী সচিবকে শোকজ করার পর তারা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এতে প্রতীয়মান হয় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশে সার উৎপাদনকারী, আমদানিকারক, ডিলাররা এ কারণে আতঙ্কের মধ্য আছেন। ফলে সংগঠনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। যার কারণে সংগঠনের পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ করে ১২০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব প্রদান করে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য চিঠিতে নির্দেশ দেওয়া হয়।

সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নওয়াপাড়া ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক দেশ রূপান্তরকে বলেন, সংগঠনের বর্তমান অস্থিরতার মধ্যে সরকার যেটা ভালো মনে করেছে সেটাই করেছে, প্রশাসক নিয়োগ দিয়েছে। এর আগে চলতি মাসের ১০ তারিখে আরও দুই বাণিজ্যিক সংগঠনে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠন দুটি হলো বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত