প্রবাসীদের প্রিয়জনের সুবিধার কথা বিবেচনায় রেখে বিকাশ অ্যাপে এবার যুক্ত হয়েছে ‘রেমিট্যান্স স্টেটমেন্ট’ সেবা। নতুন যুক্ত হওয়া এই ফিচারের মাধ্যমে এখন গ্রাহক যেকোনো সময় তার প্রয়োজনমতো রেমিট্যান্স স্টেটমেন্ট নিতে পারবেন, যা অ্যাকাউন্টে গ্রহণ করা রেমিট্যান্সের রেকর্ড রাখবে। ফলে তার আর্থিক ব্যবস্থাপনা হবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়। আয়কর পরিশোধের ক্ষেত্রেও এই স্টেটমেন্ট কাজে লাগবে। বিকাশ অ্যাপের রেমিট্যান্স আইকনে তিনটি ট্যাব যুক্ত আছে দেশ অনুযায়ী অপারেটর, রেমিট্যান্স স্টেটমেন্ট ও রিসিট।
স্টেটমেন্ট অংশে ট্যাপ করে গ্রাহক রেমিট্যান্স স্টেটমেন্ট নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন। চাইলে ৩০ দিন, ১৮০ দিন, কর-বছর বা নিজের পছন্দমতো তারিখ অনুসারে রেমিট্যান্সের স্টেটমেন্টের জন্য রিকোয়েস্ট করা যাবে। দিনে দুবার ও মাসে সর্বোচ্চ পাঁচবার এই রিকোয়েস্ট করা যাবে। রিকোয়েস্ট জমা দেওয়ার পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে স্টেটমেন্ট পেয়ে যাবেন গ্রাহক। স্টেটমেন্ট তৈরি হলে অ্যাপে নোটিফিকেশনও পাবেন গ্রাহক। এরপর ডাউনলোড করে স্টেটমেন্টটি ব্যবহার করতে পারবেন। গ্রাহক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে স্টেটমেন্টটিকে পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত রাখা হয়েছে। গ্রাহক রেমিট্যান্স স্টেটমেন্টটি পাবেন বিনামূল্যে।
রেমিট্যান্স গ্রহীতার নাম, বিকাশ নম্বর, গ্রহীতার ধরন, স্টেটমেন্টের সময়সীমা এবং ইস্যু ডেট থাকবে স্টেটমেন্টের ওপরের অংশে এবং নিচের অংশে মোট রেমিট্যান্সের সংখ্যা এবং পরিমাণ থাকবে গ্রাহকের সুবিধার জন্য।
অন্যান্য আর্থিক লেনদেনের মতো পরের অংশ প্রতিটি লেনদেনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে শুরুতে রেমিট্যান্স গ্রহণের সময় এবং তারিখ, যে দেশ থেকে পাঠানো হয়েছে সে দেশের নাম, সেটেলমেন্ট ব্যাংকের নাম, মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের নাম এবং পাঠানো রেমিট্যান্সের সমপরিমাণ টাকার অঙ্ক লেখা থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে আসা সব রেমিট্যান্সেরই বিস্তারিত তারিখ অনুসারে স্টেটমেন্টে যুক্ত থাকবে।
এ পর্যন্ত দেশে থাকা প্রিয়জনের ৪০ লাখেরও বেশি বিকাশ অ্যাকাউন্টে বৈধপথে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রবাসীর পাঠানো রেমিট্যান্স সবচেয়ে সহজে তার প্রিয়জনের কাছে পৌঁছে দিতে ধারাবাহিকভাবে নানা সুবিধা যুক্ত করে চলেছে বিকাশ। বিজ্ঞপ্তি
