সবার সহায়তা পেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৭:৩৩ এএম

দেশের সব রাজনৈতিক দল ও জনগণ সরকারের সঙ্গে সহযোগিতা করলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সোমবার কেরানীগঞ্জে আগামী নির্বাচনের একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে তরুণ ভোটাররা বড় ভূমিকা পালন করবে। এই তরুণ ভোটাররা গত তিনটি নির্বাচনে তাদের প্রথম ভোট প্রদানের সুযোগ পাননি। তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে, যার মধ্যে নারী ও পুরুষের জন্য আলাদা বুথ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মাঠে মোতায়েন থাকবে। এ ছাড়াও পুলিশ, র‌্যাব, আনসার এবং বিজিবি সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন। সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সরকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেবে। এ ছাড়া, ভোটকেন্দ্রগুলো একটি কেন্দ্রীয় স্থান থেকে পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে সরকার।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রসহ একজন অতিরিক্ত আনসার সদস্য (গানম্যান) নিয়োজিত থাকবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের জন্য অনুকূল। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন পরিচালনায় কোনো সমস্যা নেই। তবে তিনি মব ভায়োলেন্স প্রতিরোধে সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, জনগণ যদি প্রতিবাদ করতে শেখে, তাহলে অপরাধীরা এভাবে কাউকে আক্রমণ করতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া এবং কেরানীগঞ্জ রাজস্ব কর্মকর্তা (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুনসহ অন্য গণ্যমান্য ব্যক্তিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত