জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জাতীয় ঐক্য ধরে না রাখা গেলে দেশকে স্থিতিশীল না রাখা গেলে আরেকটি ১/১১ আসবে। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুব সম্মেলনে ‘যুব ইশতেহার’ পাঠ করা হয়। ইশতেহারে আগামীর বাংলাদেশ গড়তে বিভিন্ন দাবি জানান জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।
সম্মেলনে নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের এক বছরে কী পেলাম, দেশ কতটুকু পরিবর্তন হলো? নতুন বন্দোবস্ত আমরা পাইনি। অভ্যুত্থান সমাপ্ত হয়নি। লড়াইও শেষ হয়নি। তরুণরা বারবার জীবন দেবে কিন্তু ভাগ্য পরিবর্তন হবে না তা আর এই বাংলাদেশে হবে না। আমরা নির্বাচন চাই কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। বিচার ও সংস্কার নিয়ে অন্তর্র্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না।’
তিনি বলেন, সমীকরণ এখনো শেষ হয়নি। যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলছে তারা ভুলপথে হাঁটছে। গত এক বছর এনসিপি ছাড় দিয়েছে, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, এখন আর ছাড় দেবে না। জুলাই সনদের যে উদ্দেশ্য তা প্রতিষ্ঠা করেই নির্বাচনে অংশ নেব।
নাহিদ আরও বলেন, রাজনৈতিক দলগুলো সবসময় বলত তরুণরা মাঠে নামে না কেন। সেই তরুণরা মাঠে নেমেছে, প্রাণ দিয়েছে। সেই তরুণদের স্বপ্ন ভঙ্গ করে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করেই যদি ক্ষমতা হস্তান্তর করতে চায় তাহলে এই তরুণ প্রজন্ম তা কখনোই হতে দেবে না। জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদের গড়ে তুলতে হবে। তাদের সামরিকভাবে ট্রেনিং করতে হবে। বাংলাদেশের গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের সবসময়ের জন্য প্রস্তুত করে রাখতে হবে।
যুব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমরা নেতারা মনে করি ক্ষমতায় আসতে হলে অন্যদের সহযোগিতা লাগবে। বিদেশি কোনো শক্তির সহায়তা লাগবে। জুলাইয়ে যুবকরা প্রমাণ করেছে আমাদের শক্তি সবচেয়ে বড় শক্তি। আমরা লড়াই করতে জানি, ঐক্যবদ্ধ হতে জানি, জীবন দিতে জানি। শুধু পরাজয় জানি না।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জুলাই আমাদের শিখিয়েছে কীভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয়। ৩৬ জুলাই শিখিয়েছে কীভাবে শেখ হাসিনাকে বিদায় দিতে হয়। জুলাই আমাদের শিখিয়েছে কীভাবে আয়না ঘর ধ্বংস করতে হয়। দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐকমত্যের বিকল্প নেই। সেটি হতে হবে ইস্পাত কঠিন দৃঢ়। যাকে ভাঙা যাবে না, মচকানো যাবে না। লোভের ঊর্ধ্বে উঠে দেশের প্রয়োজনে আমরা এগিয়ে যেতে চাই।
যুব সম্মেলনে বক্তব্য দেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, সদস্য সচিব জাহেদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠনের প্রতিনিধিরা।
