গাজীপুরে সাত মাদ্রাসা ছাত্রকে জঙ্গি হিসেবে চিহ্নিত করে প্রথমে গুম ও পরে গুলি করে হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। মামলার তদন্ত প্রতিবেদন জমা ও পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ২৫ অক্টোবর দিন নির্ধারণ করেছে।
এদিকে, মামলার প্রধান আসামি জাবেদ পাটোয়ারির নাম প্রকাশ করা হলেও, তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে বাকি চার আসামির নাম প্রকাশ করেনি প্রসিকিউশন। এই চার আসামি পুলিশের কর্মকর্তা বলে জানিয়েছেন প্রসিকিউশনের কৌঁসুলিরা। আদেশের পর প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের জানান, ২০১৬ সালে দেশের বিভিন্ন এলাকা থেকে সাত মাদ্রাসা ছাত্রকে গুম করে গাজীপুরের জয়দেবপুরে একটি বাড়িতে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়। পরে তাদের জঙ্গি হিসেবে চিহ্নিত করে গুলি করে হত্যা করা হয়।
তিনি বলেন, ‘সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে প্রসিকিউশনের কাছে অভিযোগ এসেছে।’
অভিযোগে বলা হয়, ২০১৬ সালে বাংলাদেশের বিভিন্ন জেলায় ইসলামি মনোভাবাপন্ন যুবকদের বেআইনিভাবে আটক করা হয়। তাদের মধ্যে একজন কিশোর ছিল, যিনি তখন যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার ছাত্র ছিল। তার বাবা তদন্ত সংস্থায় ছেলের বিচারবহির্ভূত হত্যার অভিযোগ করেন।
অ্যাডভোকেট মোনাওয়ার হুসাইন তামীম আরও বলেন, ‘তদন্তের সময় সংস্থা জানতে পারে, ২০১৬ সালে সারা বাংলাদেশ থেকে ইসলামি মনোভাবাপন্ন কয়েকজন যুবককে গ্রেপ্তার করে গাজীপুরের জয়দেবপুরে একটি ভাড়া বাসার দোতলার কক্ষে রাখা হয় এবং বলা হয়, সেখানে জঙ্গিদের আস্তানা রয়েছে। পরে সিটিটিসি ও সোয়াতের দুটি টিম সেখানে অপারেশন পরিচালনা করে এবং আটক যুবকদের গুলি করে বিচারবহির্ভূত হত্যা করে। হত্যার পর দেখানো হয়, তারা (মাদ্রাসা ছাত্ররা) রাষ্ট্রদ্রোহী ও দেশবিরোধী কার্যকলাপে জড়িত ছিল। এই গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ হিসেবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। এর ভিত্তিতে পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়। ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তার করে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করতে নির্দেশ দিয়েছে।
