চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন এনসিপি নেতারা। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কর্মকর্তারা।
বিমানবন্দরে সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার পাশ কাটিয়ে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জুলাই সনদ ও সংস্কার হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত।’
প্রতিনিধিদলে থাকা অন্য সদস্যরা হলেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।
এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আজ রাতে পাঁচদিনের জন্য এনসিপির আট সদস্যের একটি টিম চীন যাচ্ছেন। আগামী ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।’
এর আগে গত শুক্রবার সামান্তা শারমিন গণমাধ্যমকে জানিয়েছিলেন, ২৬ আগস্ট আট সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে যাবে। দলটি চীনের একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম, শিল্পকারখানা পরিদর্শন করবে। এ ছাড়া চীনের উন্নত শহর চংকিংয়েও সফর করবে দলটি। চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে।
যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ জানিয়েছিলেন, এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। সেখান থেকে ফিরে চার দিনের জন্য যাবেন চীনে। চীন সফরে আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।
চীন সফর উপলক্ষে গত বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
