রোডম্যাপ গতানুগতিক বিভ্রান্তিমূলক

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৬:২২ এএম

রোডম্যাপে সন্তুষ্ট নয় জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ইসি ঘোষিত রোডম্যাপকে গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক বলে আখ্যা দিয়েছেন।

গতকাল এক বিবৃতিতে এমন বক্তব্য দিয়ে তিনি বলেছেন, জাতির প্রত্যাশা আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে; তা এখনো ঠিক হয়নি। এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি। এ অবস্থায় রোডম্যাপ ঘোষণা অপরিপক্ব ও আংশিক। এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি।

গোলাম পরওয়ার বলেন, জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সনদের আইনি ভিত্তি ও এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল বলে জামায়াত মনে করে।

তবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইসির ঘোষিত রোডম্যাপে নির্বাচন হতে পারে, এতে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই। তবে অবশ্যই নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার বাস্তবায়ন করতে হবে। সেই আলোকে গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। তারপর পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে জনগণের সংসদ ও সরকার গঠন করতে হবে। তিনি বলেন, দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়। একটি মাত্র দল ছাড়া অন্যসব দলও পিআর পদ্ধতিতে ভোট চায়। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই দেশের ৭১ শতাংশ জনগণকে এবং ছোট-বড় সব রাজনৈতিক দলকে উপেক্ষা করে একটি মাত্র দলের জন্য পিআর পদ্ধতি এড়িয়ে যেতে পারে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত