বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উদারপন্থি রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থি রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে, যা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে। দেশ-বিদেশেও যা নিয়ে তৎপরতা চলছে।’
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সৈয়দা ফাতেমা সালামের লেখা ‘রক্তাক্ত জুলাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘একটা ষড়যন্ত্র চলছে, সে ষড়যন্ত্রটা হচ্ছে, মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থার রাজনীতি, উদারপন্থি গণতন্ত্রকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতি নিয়ে আসার। এটি বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। সেজন্য উদারপন্থি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘আমি সবসময় যেটা বলি, নির্বাচন হবেই এবং যে সময়ের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, সে সময়ের মধ্যেই হবে। এ কারণেই যে, এর কোনো বিকল্প নেই। যদি নির্বাচন বন্ধ করা হয়, তাহলে এ জাতি প্রচন্ড রূপে ক্ষতিগ্রস্ত হবে। ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে।’
নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক দলগুলো, প্রতিষ্ঠান এবং সরকার সবাই মিলে যদি আমরা এটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমরা একটি লক্ষ্যে পৌঁছাতে পারব।’ তিনি বলেন, ‘মাঝেমধ্যে হতাশ হই যখন দেখি, কিছু দুর্বৃত্তের কারণে আমাদের এতদিনকার লড়াই, সংগ্রাম ও স্বপ্ন সেটা কেন জানি মøান হয়ে যাচ্ছে।’
মির্জা ফখরুল দাবি করে বলেন, ‘ বাংলাদেশের যা কিছু সংস্কার হয়েছে, তা বিএনপির হাত ধরেই হয়েছে। অথচ অনেকে বলে আমরা সংস্কার করছি না। আমাদের বিরুদ্ধে এমনভাবে প্রচারণা চালানো হচ্ছে যে, আমরা সংস্কার চাচ্ছি না, সংস্কারের কথা তো প্রথম বিএনপি বলেছে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘কতগুলো রাজনৈতিক দল মিথ্যা ও ভুল প্রচারণা করে বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে চায়।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘দলের সুনাম ক্ষুন্ন হয় এমন কাজ করবেন না। এখনো আপনারা ক্ষমতার কাছে আসেননি। অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র আছে। সেগুলোকে মোকাবিলা করে আপনাদের ভালো কাজ দিয়ে, ঐক্য নিয়ে জনগণের কাছে যেতে হবে।’
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি, সাংবাদিক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হাই শিকদার। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন। বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। উপস্থিত ছিলেন ইতি প্রকাশনের প্রকাশক মো. জহির দীপ্তি এবং গ্রন্থের লেখক সৈয়দা ফাতেমা সালাম প্রমুখ।
