পররাষ্ট্র উপদেষ্টার শঙ্কা

আঞ্চলিক সমস্যায় রূপ নিতে পারে রোহিঙ্গা সংকট

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৮:০১ এএম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন উদ্বেগ জানিয়ে বলেছেন, ‘রোহিঙ্গা সংকট বর্তমানে বাংলাদেশের সমস্যা হলেও আগামী সাত-আট বছরে তা আঞ্চলিক সমস্যায় পরিণত হবে।’ গতকাল শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বেঙ্গল ডেলটা কনফারেন্স ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আট বছর ধরে লাখ লাখ তরুণ-তরুণী শরণার্থীশিবিরে আশাহীনভাবে বেড়ে উঠছে। তারা একসময় বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে বিদ্রোহ করবে, যা বড় সংকটের কারণ হবে।’

তিনি বলেন, ‘ফিলিস্তিন ইস্যুতে বিশ্বজনমত বদলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি মানুষ এখন মনে করে, ইসরায়েল ফিলিস্তিনে অন্যায় করছে। এমনকি অনেক ইহুদি বুদ্ধিজীবীও এর বিরুদ্ধে কথা বলছেন।’ পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের গতিপ্রকৃতি বদলাচ্ছে। আগে চীনকে নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দুতে থাকলেও এখন ভারত ও চীন প্রায় একই সুরে কথা বলছে। তবে এ পরিবর্তনকে স্থায়ী ভাবা যাবে না, কারণ ভূরাজনৈতিক মৌলিক বিষয়গুলো এখনো অপরিবর্তিত।’

‘এশীয় শতাব্দী’ প্রসঙ্গে তিনি বলেন, ‘একুশ শতাব্দী এশিয়ার হলেও, বাইশ শতাব্দী আরও বেশি এশিয়ার হতে পারে। এর পেছনে জনসংখ্যাগত সুবিধা ও পরবর্তী শতাব্দীতে আফ্রিকার সম্পদ নিয়ন্ত্রণের সম্ভাবনা রয়েছে।’

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্মই পরিবর্তন আনবে। তারা ১৯৯১ বা ১৯৯৪ সালের রাজনীতিতে ফিরে যাবে না। তরুণরা অভিজ্ঞতার মাধ্যমে শিখবে, হয়তো কঠিন পথে, তবে শেষ পর্যন্ত পরিবর্তন ঘটবে। আগামী ১০-১৫ বছরে রাজনীতি কম হিংস্র হবে।’

শিক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘গণশিক্ষার মান, বিশেষ করে গ্রামে ভয়াবহভাবে নিম্নমানের হয়েছে। অনেক শিক্ষার্থী মাতৃভাষাও ঠিকমতো পড়তে পারে না। গত ১৫-২০ বছরের এ পশ্চাদপসরণ কাটিয়ে ওঠা জরুরি।’ পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণাভিত্তিক হওয়ার এবং আরবি ও ইসলামিক স্টাডিজের বাইরে জ্ঞানচর্চা সম্প্রসারণের আহ্বান জানান। তিনি বলেন, ‘সবকিছু রাজনীতির সঙ্গে জড়িত হলেও শুধু রাজনৈতিক দল নয়, প্রতিষ্ঠান, শিক্ষা ও তরুণদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। তবেই বাংলাদেশ ভবিষ্যতে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত