নাইজেরিয়ায় নারীদের জন্য ইসলামি বিশ্ববিদ্যালয়

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১২:৫৮ এএম

নাইজেরিয়ায় নারীদের জন্য স্বতন্ত্র ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়েছে। নাম তাজকিয়া বিশ্ববিদ্যালয়। সম্প্রতি দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটিজ কমিশন (এনইউসি) তাজকিয়া বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দিয়েছে। শিক্ষামন্ত্রী ড. তুনজি আলাউসা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন লাভের ঘোষণা দেন।

নাইজেরিয়ার কাদুনা রাজ্যের জারিয়ায় স্থাপিত এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হলো, যেসব নারী ইসলামি শিক্ষা গ্রহণ করতে আগ্রহী তাদের নিরাপদ ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।

নাইজেরিয়ার বিখ্যাত ইসলামি ব্যক্তিত্ব ও আবুজা জাতীয় মসজিদের উপ-প্রধান ইমাম অধ্যাপক শেখ ইব্রাহিম আহমদ মাকারির উদ্যোগে এই নারী ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তাজকিয়া বিশ্ববিদ্যালয়ে শুধু নারী শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পাবে এবং বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ে শুধু নারীদেরই নিয়োগ দেওয়া হবে। নাইজেরিয়ার ইতিহাসে যা এক অভূতপূর্ব ঘটনা। তাজকিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন করা হবে কাদুনা মহানগরীতে।

তবে আপাতত জারিয়ায় অস্থায়ী ক্যাম্পাস স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হবে। তারা দ্রুততম সময়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে চায়। সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভর্তি বিজ্ঞপ্তি থেকে দেখা যাচ্ছে, তাজকিয়া বিশ্ববিদ্যালয় তিনটি অনুষদের ১৫টি বিভাগে ভর্তির আহ্বান জানিয়েছে। তা হলো ম্যানেজমেন্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টিং, ট্যাক্সাশন, ইকোনমিকস ও ক্রিমিনোলজি, অ্যালাইড হেলথ সায়েন্স অনুষদের মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স, নার্সিং, হিউম্যান নিউট্রেশন অ্যান্ড ডায়েটিকস, পাবলিক হেলথ ও হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট এবং সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদের কম্পিউটার সায়েন্স, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম কেমিস্ট্রি ও ইনফরমেশন টেকনোলজি।

অধ্যাপক মাকারি তার ফেসবুক পেজে ঘোষণা করেছেন, বিশ্ববিদ্যালয় একই সঙ্গে উন্নত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক উন্নয়নকেও গুরুত্ব দেবে, যেন সমাজে সত্যিকার পরিবর্তন আসে।

এই বিশ্ববিদ্যালয়ের আয় কোনো ব্যক্তির পকেটে ঢুকবে না, বরং এতিমদের সহযোগিতায় প্রতিষ্ঠিত ট্রাস্টে হস্তান্তর করা হবে। এই ট্রাস্ট আল্লাহর পক্ষ থেকে পবিত্র আমানতস্বরূপ। এর কাজ হবে জ্ঞানে সমৃদ্ধ করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং অভিভাবকহীন শিশুদের ভবিষ্যতের সুরক্ষা দেওয়া। নাইজেরিয়ান মুসলমানদের কাছে তাজকিয়া বিশ্ববিদ্যালয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে অনেক বেশি কিছু। কেননা যেখানে নারীরা সামাজিক ও অর্থনৈতিক কারণে প্রায় প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়, সেখানে নারীদের স্বতন্ত্র ইসলামি বিশ্ববিদ্যালয় অনেকের কল্পনার অতীত।

নাইজেরিয়ার শিক্ষাবিদ ড. আমিনা লাওয়াল বলেন, নাইজেরিয়ায় একটি স্বতন্ত্র নারী বিশ্ববিদ্যালয় কোনো প্রতীকী বিষয় নয়, এটি একটি বৈপ্লবিক বিষয়। এটি প্রমাণ করে নারী শিক্ষার ক্ষেত্রে বিশ্বাস, সংস্কৃতি ও আধুনিক শিক্ষার সমন্বয় সম্ভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত