নুরের নিরাপত্তা নিয়ে শঙ্কায় দল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ এএম

আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসা দেশে হলে তার নিরাপত্তা বিঘ্নিতের আশঙ্কা রয়েছে বলে মনে করে গণ অধিকার পরিষদ। সেজন্য নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে দলটি। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নুরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে চিকিৎসাধীন নুরের খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ ছাড়া নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

গতকাল দুপুর ১টার দিকে ঢামেকের জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ। এ সময় দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘আমরা সন্দেহ করছি, বাংলাদেশে তার যে ধরনের চিকিৎসা দরকার, সেটি সম্ভব নয়। যেহেতু হাসিনার আমলে নুরুল হক নুর ২২ বার হামলার শিকার হয়েছেন, তার পুরো দেহ ক্ষতবিক্ষত। সুতরাং এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য আমরা মনে করি সিঙ্গাপুর অথবা ইউকেতে (ইংল্যান্ডে) নিতে হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে যেসব চিকিৎসক রয়েছেন, তারা অবশ্যই দক্ষ। অবশ্যই উন্নত চিকিৎসা দিতে পারেন। কিন্তু নানা ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে। আমরা সন্দেহ করছি, এখানে চিকিৎসা হলে নুরুল হক নুরের নিরাপত্তা বিঘিœত হতে পারে এবং তার জীবনের ক্ষেত্রে একধরনের ঝুঁকি নেমে আসতে পারে। বিভিন্ন সময় এ ধরনের ঘটনা ঘটেছে যে, ইনজেকশন পুশ করে একজন জাতীয় ও জনপ্রিয় নেতাকে মেরে ফেলা হয়েছে।’ নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের কথা সরকার বললেও এ নিয়ে সন্দেহ রয়েছে বলে জানান রাশেদ খান। একই সঙ্গে গত শুক্রবার লাঠিপেটার ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানান রাশেদ খান।

নুরের অবস্থা স্থিতিশীল : ঢামেক পরিচালক

নুরুল হক নুরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। গতকাল দুপুর ১২টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, নুরের নাকের হাড় ভেঙে গেছে, মাথায় সামান্য রক্তক্ষরণ হয়েছে। ডান চোখের ওপর আঘাত রয়েছে। তবে, তিনি কথা বলতে পারছেন এবং তরল খাবার খেতে পারছেন।

এদিকে নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে সকালে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ। তিনি বলেন, নুরুল হক নুরের নাকের হাড়, চোয়ালের হাড় ভেঙে গেছে। চোখে আঘাত আছে। এ ছাড়া মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তবে তা ধীরে ধীরে কমে আসছে। তার অবস্থার উন্নতি হচ্ছে।

তিনি আরও বলেন, নুরের শরীরে লবণের পরিমাণ কম ছিল, সেটি ঠিক হয়েছে। তিনি মুখে খেতে পারছেন। ছয় সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা চলছে।

খোঁজ নিয়েছেন খালেদা জিয়া

হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত শনিবার রাত ২টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হামলায় আহত নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিতে খালেদা জিয়া গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পোস্টে বলা হয়, নুরুল হক নুরের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া। তিনি মর্মাহত। তিনি এর নিন্দা জানিয়েছেন। পাশাপাশি হাসপাতালে তার যথাযথ সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খালেদা জিয়া অনুরোধ জানিয়েছেন এবং নুরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য খালেদা জিয়া প্রার্থনা করছেন বলে পোস্টে জানানো হয়।

হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে গিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বেলা ২টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘নুরকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা হয়েছে। এই হামলা পৈশাচিক। দুপুরে নুরুল হক নুরকে দেখতে যান স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি বলেন, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। ফ্যাসিবাদী শক্তি এখন নানা ফর্মেটে তাদের শক্তি প্রদর্শন করছে। তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত