জুলাই-আগস্টে রপ্তানিতে প্রবৃদ্ধি ১০.৬১

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ এএম

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে দেশের রপ্তানি আয় ১০ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট ৮ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে (জুলাই-আগস্ট) রপ্তানি আয় ছিল ৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। তবে সামগ্রিক এ ইতিবাচক প্রবৃদ্ধির পরও ২০২৫ সালের আগস্ট মাসে বার্ষিক প্রবৃদ্ধি ২ দশমিক ৯৩ শতাংশ হ্রাস পেয়েছে।

২০২৫ সালের আগস্ট মাসে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালের আগস্টে অর্জিত ৪ দশমিক ০৩ বিলিয়ন ডলারের চেয়ে সামান্য কম। স্বাভাবিকভাবেই তৈরি পোশাক (আরএমজি) খাত শীর্ষ অবস্থান ধরে রেখেছে। চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে এ খাত থেকে আয় হয়েছে ৭ দশমিক ১৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর মধ্যে নিট পোশাক খাত ৯ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধির সঙ্গে ৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলারের রপ্তানি আয় অর্জন করেছে এবং ওভেন খাত ১০ দশমিক ২৮ শতাংশ প্রবৃদ্ধির সঙ্গে ৩ দশমিক ১৮ বিলিয়ন ডলারের রপ্তানি অর্জন করেছে।

একক মাস হিসেবে আগস্ট মাসের বার্ষিক প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে। ২০২৫ সালের আগস্টে তৈরি পোশাক খাতের রপ্তানি প্রবৃদ্ধি ৪ দশমিক ৭৫ শতাংশ কমে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার হয়েছে। এর মধ্যে নিট পোশাক খাতে ৬ দশমিক ৩৪ শতাংশ কমেছে। আগস্টে এ খাতের রপ্তানি আয় ১ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার এবং ওভেন খাতে ২ দশকি ৬৫ শতাংশ প্রবৃদ্ধি হ্রাস পেয়ে রপ্তানি আয় হয়েছে ১ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার।

খাতসংশ্লিষ্টরা বলছেন, ইরান-ইসরায়েল যুদ্ধ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং ট্রাম্প সরকারের শুল্কনীতির কারণে বিশ্ববাজারে জুলাই-আগস্ট মাসে মন্দাভাব দেখা দিয়েছে। বিশেষ করে মার্কিন নতুন শুল্কনীতি আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক অস্থিরতা তৈরি করেছে। ক্রেতা প্রতিষ্ঠান পর্যবেক্ষণমূলক অবস্থান গ্রহণ করায় এ সময়ে ক্রয় আদেশ কমেছে। ফলে আগস্ট মাসে রপ্তানি প্রবৃদ্ধি কিছুটা হ্রাস পেয়েছে।

এ বিষয়ে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, মার্কিন শুল্কনীতির প্রভাব বাংলাদেশে নয়, অন্যান্য প্রতিযোগী দেশের ক্ষেত্রেও পড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিমধ্যে আমাদের সমঝোতা হয়েছে। প্রতিযোগী দেশের থেকে আমরা সুবিধাজনক অবস্থায় রয়েছি। নতুন নতুন ক্রেতারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। সময়মতো রপ্তানি আদেশ পাঠাতে পারলে আগস্টের প্রবৃদ্ধির যে সমস্যা, তা কেটে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত