ইলিশের চেনা পদ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ এএম

রেসিপি দিয়েছেন কানিজ ফাতেমা সোহাগী

পেঁয়াজ দিয়ে ইলিশ ভুনা

উপকরণ

ইলিশ মাছ ৪ টুকরা, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৫টি, লবণ আধা চা চামচ, তেল আধা কাপ, পানি ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লালচে করে ভাজুন।

ভাজা হলে এরপর এক এক করে সব মসলা দিয়ে কষিয়ে নিন। মসলায় কষানো এবার ইলিশ মাছগুলোর সঙ্গে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করুন ১৫ মিনিট। ১৫ মিনিট পর মাছগুলো উল্টিয়ে কাঁচা মরিচগুলো দিয়ে আবার ঢেকে রান্না করুন ৫ মিনিট। মাছগুলো যখন ভুনা হয়ে মাখা মাখা হয়ে তেল ওপরে উঠে আসে, তখন নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার পেঁয়াজ দিয়ে ইলিশ ভুনা।

ইলিশ পোলাও

উপকরণ

ইলিশ মাছ ৬ টুকরা, পোলাওয়ের চাল ১ কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, এলাচ ৪টি, তেজপাতা ৩টি, নারকেল দুধ ১ কাপ, মিষ্টি দই ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪টি, লবণ ১ চা চামচ, তেল আধা কাপ, গরম পানি ১ লিটার।

যেভাবে তৈরি করবেন

ইলিশ মাছের টুকরার সঙ্গে রসুন ও আদা বাটা, মরিচের গুঁড়া, দই, লবণ, জিরা গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে মেরিনেট করে রেখে দিন ১০ মিনিট।

ফ্রাইপ্যানে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ২ মিনিট ভেজে মেরিনেট করা মাছ ও নারকেল দুধ দিয়ে ঢেকে রান্না করুন ১৫ মিনিট। ১৫ মিনিট পর মাছের টুকরা তুলে ওই মাছের ঝোলের মধ্যে পোলাওয়ের চাল তেজপাতা, এলাচ, লবণ, পানি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করুন পোলাওয়ের চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত। এবার আগে থেকে রান্না করে রাখা মাছ পোলাওয়ের মধ্য দিয়ে দিন। এরপর ঘি দিয়ে দমে রাখুন ৫ মিনিট। নামিয়ে পরিবেশন করুন মজাদার ইলিশ পোলাও।

সরিষা ইলিশ

উপকরণ

ইলিশ মাছের বড় টুকরা ৫টি, সাদা সরিষা বাটা ১ টেবিল চামচ, লাল সরিষা বাটা ২ টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ৬টি, সরিষার তেল আধা কাপ, লবণ ১ চা চামচ, পানি ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

বাটিতে সরিষা বাটা, হলুদ ও মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে মিশিয়ে নিন।  এবার ইলিশ মাছ মাখানো মসলার সঙ্গে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে মেরিনেট করে রাখুন ১০ মিনিট। কড়াইয়ে মেরিনেট করা মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করুন ১৫ মিনিট। এবার কাঁচা মরিচ দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। সরিষা ইলিশ যখন মাখা মাখা হয়ে তেল ওপরে উঠে আসবে, তখন নামিয়ে পরিবেশন করুন মজাদার সরিষা ইলিশ।

দই ইলিশ

উপকরণ

ইলিশ মাছ বড় টুকরা ৪টি, টক দই ও মিষ্টি দই মেলানো ৪ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৫টি, সরিষার তেল আধা কাপ, লবণ আধা চা চামচ, পানি আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

বাটিতে দই, হলুদ, মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।  এবার ইলিশ মাছ আর তেল ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করুন। ঝোল মাখা মাখা হয়ে তেল ওপরে উঠে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার দই ইলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত