বারভিডার হক এফবিসিসিআই সভাপতি প্রার্থী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ এএম

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে আবদুল হকের নাম ঘোষণা করা হয়েছে। তিনি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতির দায়িত্বে রয়েছেন। গতকাল সোমবার রাজধানীর একটি হোটে ‘বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজিত অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ, এফবিসিসিআইর সাবেক সহ সভাপতি আবুল কাসেম হায়দার প্রমুখ। বক্তব্যে অতিথিরা দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্পর্কে দিক-নির্দেশনা দিয়েছেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সভাপতি প্রার্থী আবদুল হক।

এফবিসিসিআই প্রসঙ্গে আবদুল হক বলেন, বাংলাদেশ আজ এক সন্ধিক্ষণ অতিক্রম করছে। বিশ্ব বাণিজ্য যুদ্ধ ও আমাদের জাতীয় প্রেক্ষাপট মিলিয়ে আমরা সত্যিকারের চ্যালেঞ্জের মুখোমুখি। এ অবস্থায়, গত এক বছরে সরকারি নীতিমালা প্রণয়ন বা আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের বেসরকারি খাতের উপস্থিতি প্রায় অনুপস্থিত। অথচ দেশের সর্বোচ্চ বাণিজ্য সংগঠন হিসেবে এফবিসিসিআই এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সুযোগ পেলে এ সংগঠনকে কার্যকরী করার চেষ্টা করব।

তিনি বলেন, গত এক বছর প্রশাসক দিয়ে এফবিসিআইয়ে শুধুমাত্র রুটিন কাজ সম্পন্ন হয়েছে, সরকারের নীতিমালা প্রণয়ন কিংবা আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় এফবিসিসিআইর অনুপস্থিতি দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগকে স্থবির করে ফেলেছে। এই স্থবিরতা কাটিয়ে উঠতে হলে দ্রুত সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করে একটি নির্বাচিত পরিচালক পর্ষদের হাতে এফবিসিসিআইর নেতৃত্ব হস্তান্তর করা অত্যন্ত জরুরি।

আবদুল হক বলেন, দ্রুত এফবিসিসিআই নির্বাচন সম্পন্ন করে একটি নির্বাচিত পরিচালক পর্ষদ গঠন করতে হবে এবং তাদের নেতৃত্বে কার্যকর এফবিসিসিআই প্রতিষ্ঠা করতে হবে। একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে এই কঠিন কাজ সুচারুরূপে সম্পন্ন করার জন্য আপনাদের সক্রিয় সহযোগিতা চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত