ফের বেড়েছে লোডশেডিং

যান্ত্রিক ত্রুটির কারণে তিন বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমেছে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ এএম

যান্ত্রিক ত্রুটির কারণে তিনটি বড় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমে যাওয়ায় সারা দেশে আকস্মিকভাবে লোডশেডিং বেড়ে গেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রায় এক হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে। পরিস্থিতির উন্নতি হতে আগামী দু-তিন দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ ও পিডিবির কর্মকর্তারা।

পিডিবি সূত্রমতে, যান্ত্রিক ত্রুটির কারণে বাগেরহাটের রামপালে অবস্থিত ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। তবে অন্য একটি সূত্র বলছে, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটির যে ইউনিট বন্ধ হয়ে গেছে, ওই ইউনিট চালানোর জন্য প্রয়োজনীয় গ্যাস নেই। অন্যদিকে ভারতের আদানি পাওয়ারের একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া বিবিয়ানার একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন থেকে ছিটকে পড়েছে।

এই তিনটি বিদ্যুৎকেন্দ্রের সব মিলিয়ে প্রায় ১ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এদিকে গ্রিড থেকে বৃহৎ সক্ষমতার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে। পিডিবি বিকল্প উপায়ে কীভাবে সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখা যায়, সেই চেষ্টা চালাচ্ছে। সে ক্ষেত্রে ব্যয়বহুল তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

পিডিবির তথ্য অনুযায়ী, গতকাল দিনে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৮৯০ মেগাওয়াট। আর রাতে ১৬ হাজার ৪০০ মেগাওয়াট। তবে সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি তথ্য অনুযায়ী, গত ৮ থেকে ৯ সেপ্টেম্বর সর্বনিম্ন ৩০ মেগাওয়াট থেকে সর্বোচ্চ ৯৩৮ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করা হয়েছে। বিশেষ করে গতকাল দুপুর ১২টার পর বিদ্যুতের লোডশেডিং বাড়তে থাকে। প্রতি ঘণ্টায় সন্ধ্যা ৬টা পর্যন্ত হিসাব অনুযায়ী, লোডশেডিং অন্তত ৮০০ মেগাওয়াট ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত