কক্সবাজারের টেকনাফে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ৩০ হাজার ইয়াবাসহ জমির উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামি টেকনাফের হোয়াইক্যং ইউপির ২ নম্বর ওয়ার্ডের খারাইঙ্গাঘোনা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।
এ সময় আরেক মাদক কারবারি পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর।
তিনি জানান, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কাটাখালী পশ্চিম পাড়া গোলাম আকবর মেম্বারের গ্যারেজের সামনে কক্সবাজারগামী পাকা রাস্তার ওপর চেকপোস্টে ডিউটি চলাকালে হোয়াইক্যংয়ের দিক থেকে আসা একটি মোটরসাইকেল পুলিশের চেকপোস্ট দেখে ১০০ গজ দূরে থেমে থাকে। সন্দেহ হলে মোটরসাইকেলের দিকে এগিয়ে গেলে চালক ও একজন আরোহী দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জমির উদ্দিনকে আটক করে পুলিশ।
পরে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেন বলেও জানান ওসি।
