রিটার্ন দাখিলে রাজস্ব বোর্ডের টিআরএমএস সফটওয়্যার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ এএম

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ ও নির্বিঘœ করার লক্ষ্যে ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যার চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতার প্রতিনিধিত্ব প্রক্রিয়া ডিজিটালাইজ করার মাধ্যমে টিআরএমএস প্ল্যাটফর্মটি কর ব্যবস্থাপনায় অধিকতর দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

এনবিআরের মাল্টিপারপাস হলে গতকাল রবিবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিস্টেমটি উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একটি আধুনিক, স্বচ্ছ এবং করদাতাবান্ধব রাজস্ব প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে টিআরএমএস একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছে এনবিআর।

এনবিআর জানিয়েছে, আয়কর আইনে অনুমোদিত কর প্রতিনিধিরা যেসব করদাতার রিটার্ন দাখিল করার জন্য করদাতা কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত তাদের সবার আয়কর রিটার্ন টিআরএমএস সফটওয়্যারটিতে নিবন্ধনের মাধ্যমে অনলাইনে দাখিল করতে পারবেন।

যে কোনো করদাতা কর প্রতিনিধি নিয়োগের জন্য তার নিজ নামে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল ফোনে পাওয়া ওটিপি কর প্রতিনিধিকে দেওয়ার মাধ্যমে অনলাইনে তার রিটার্ন দাখিলের জন্য ক্ষমতা দিতে পারবেন।

একজন আয়কর প্রতিনিধি যতজন করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করবেন তার সবগুলো রিটার্ন সংশ্লিষ্ট কর প্রতিনিধির নামের বিপরীতে টিআরএমএস সিস্টেমে সংরক্ষিত থাকবে। কর প্রতিনিধিরা রিটার্নের তথ্যাদি যে কোনো সময় সিস্টেম থেকে সংগ্রহ করতে পারবেন।

টিআরএমএসের মাধ্যমে যেসব কাজ সম্পন্ন হবে তার মধ্যে রয়েছে- আয়কর আইন অনুযায়ী অনুমোদিত সব কর প্রতিনিধিদের ডিজিটাল নিবন্ধন, করদাতা কর্তৃক তার কর প্রতিনিধিকে অনলাইন সিস্টেমে ক্ষমতা অর্পণ, প্রত্যেক কর প্রতিনিধির দাখিল করা সব আয়কর রিটার্নের তথ্য আলাদাভাবে টিআরএমএস সিস্টেমে সংরক্ষণ, কর প্রতিনিধি করদাতাদের পক্ষে ই-রিটার্ন দাখিল প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা এবং এটি করদাতা এবং কর প্রতিনিধি উভয়ের জন্যই ব্যবহারকারী-বান্ধব সহজ ইন্টারফেস।

টিআরএমএসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ারস অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন আহমেদ, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ভাইস প্রেসিডেন্ট মো. রোকনুজ্জামান এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট এম নাসিমূল হাই এফসিএস বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, যে সফটওয়্যারটি উদ্বোধন করা হলো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের অর্থনীতির ক্ষেত্রে এটি একটি মাইলস্টোন। তিনি আশা প্রকাশ করেন টিআরএমএস সবার জন্য মঙ্গলজনক হবে, হোক তা ব্যক্তি, কোম্পানি বা কর্মকর্তা পর্যায়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত