ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত সবসময় বাংলাদেশকে নিয়ে একটি স্থিতিশীল, ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায়। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে দাঁড়াবে এবং এই অংশীদারত্বে দুই দেশের জনগণই হবে মূল অংশীদার।
গত সোমবার বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ২০২৫ সালের কোর্স অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান। ভারতীয় দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানা গেছে।
হাইকমিশনার বলেন, ভৌগোলিক নৈকট্য, অর্থনৈতিক সক্ষমতা ও ভবিষ্যৎ আকাক্সক্ষাকে কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে পারে। তিনি ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল তুলে ধরে বলেন, বিশ্বের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততা আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব উদ্যোগ ভারতের অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও দ্রুত উন্নয়ন নিশ্চিত করছে।
ভার্মা ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতি, ‘অ্যাক্ট ইস্ট’ নীতি, মহাসাগর কৌশল ও ইন্দো-প্যাসিফিক ভিশনের আলোকে ভারত-বাংলাদেশ সম্পর্কের দীর্ঘমেয়াদি ভিশনও তুলে ধরেন। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশ আঞ্চলিক দুই গুরুত্বপূর্ণ অর্থনীতি হিসেবে বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সংহতি ত্বরান্বিত করতে পারে। যার সদর দপ্তর ঢাকায় অবস্থিত এবং যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবৃদ্ধির সুযোগকে সংযুক্ত করছে।
