ঝিনাইদহে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ১২

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে টানা বৃষ্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার কোদালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সম্প্রতি প্রবল টানা বৃষ্টিপাতের কারণে কোদালিয়া গ্রামের শোয়েব নামের এক ব্যক্তির পুকুর ভেসে যায়। বৃষ্টির পানিতে পুকুরের মাছ ভেসে যাওয়ার পর ওই মাছ ধরেন স্থানীয় টুকু মুন্সি গ্রুপের লোকজন। এ নিয়ে পুকুরের মালিক শোয়েব ও তার লোকজনের সঙ্গে স্থানীয় প্রভাবশালী টুকু মুন্সি গ্রুপের লোকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে ওই ঘটনার জেরে মঙ্গলবার বিকেলে স্থানীয় বিএনপির এক নেতার জানাজা শেষে বাড়ি ফেরার পথে পুকুরের মালিক শোয়েব প্রতিপক্ষের হামলার শিকার হন। শোয়েব জানান, প্রভাবশালী টুকু মুন্সি গ্রুপের লোকজন তার ওপর হামলা চালায়। পরে ওই ঘটনার জেরে বুধবার সকাল ১১টার দিকে দুই গ্রুপের লোকজন দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী ও পুরুষসহ অন্তত ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় টুকু মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত