বাবাকে নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ দিঠির

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ এএম

উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি ও বরেণ্য চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন। বাবার রচিত ‘দিঠির খাতা’য় লেখা ১৭টি গান নিয়ে কাজ করছেন মেয়ে। এই ১৭টি গানের মধ্যে ‘রবী ঠাকুর’, ‘মেঘলা আকাশ’ ও ‘আমি যেন বাতাসের সুর হয়ে বাংলার গান গাই’ শিরোনামের তিনটি গানের কাজ শেষ করেছেন এই গায়িকা। তিনটি গানেরই সংগীত পরিচালনা করেছেন অপু আমান।

দিঠি জানান, এই ১৭টি গানের মধ্যে পাঁচটি দেশের গান ও পাঁচটি আধুনিক গান নিয়ে কাজ চলছে। সব গান দিঠি গাইবেন। কোনো কোনো গানের প্রয়োজনে দিঠির সঙ্গে সহশিল্পীও থাকতে পারেন। আধুনিক গান ‘মেঘলা আকাশ’ ও দেশাত্মবোধক গান ‘আমি যেন বাতাসের সুর হয়ে বাংলার গান গাই’ গানটিতেও সহশিল্পী হিসেবে আছেন অপু আমান। ‘রবী ঠাকুর’ গানটি দিঠির একক গান।

এদিকে বাবাকে নিয়ে এরই মধ্যে ‘গাজী মাজহারুল আনোয়ার’ নামের একটি ইউটিউব চ্যানেলের পরিকল্পনা করা হয়েছে বলে জানালেন দিঠি। এই ইউটিউব চ্যানেল নিয়ে দিঠির রয়েছে বিষদ পরিকল্পনা। ‘দিঠির খাতা’ ও বাবার ইউটিউব চ্যানেলে প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘যেহেতু আব্বার লেখা গানগুলো শুধু আমার জন্যই দিঠির খাতায় লেখা। তাই এই গানগুলো নিয়ে আমার অনেক স্বপ্ন। একটি একটি করে সব গানই প্রকাশ করব আমি। গানগুলো চ্যানেলে প্রচার হবে, আমি গাইব নানান অনুষ্ঠানে।’

তিনি আরও বলেন, ‘আব্বুকে নিয়ে এরই মধ্যে গাজী মাজহারুল আনোয়ার নামের একটি ইউটিউব চ্যানেলের কাজ শুরু হয়ে গেছে। এই ইউটিউব চ্যানেলে নিয়ে মূলত অনেক পরিকল্পনা আছে। নতুন পুরনো গান যেমন প্রকাশ পাবে, আব্বাকে নিয়ে বিভিন্ন শিল্পীর স্মৃতিচারণ থাকবে, থাকবে আব্বারই লেখা গান নিয়ে মিউজিক্যাল শো। এ ছাড়া পর্যায়ক্রমে আরও অনেক কিছুই যুক্ত হবে। আপাতত যে পরিকল্পনাগুলো করা আছে সেগুলোই একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো আব্বুকে তো বাংলাদেশের মানুষ এমনিতেই অনেক ভালোবাসেন শ্রদ্ধা করেন। প্রায় প্রতিনিয়তই টিভি চ্যানেলগুলোতে নানান সময়ে প্রচারিত হচ্ছে। আমরাও উদ্যোগী হয়ে আব্বার গানগুলো নিয়ে আরও বিষদ কাজ করতে চাচ্ছি। আশা করছি সবার সহযোগিতা পাব।’

দিঠি জানান, আগামী ডিসেম্বরে দেশে ফিরেই তিনি বাবার ইউটিউব চ্যানেলের ঘোষণা দেবেন।

এদিকে আপাতত দিঠি যুক্তরাষ্ট্রে আছেন।

মূলত দুই সন্তানের পড়াশোনা নিয়েই আপাতত যুক্তরাষ্ট্রে তার তুমুল ব্যস্ততা। কিন্তু এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেটে শো করারও প্রস্তাব পেয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত