পূজায় নিজেকে যত্নে রাখুন যত্নে সাজুন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ এএম

পূজার দিনগুলোতে সবাই নিজেকে আকর্ষণীয় করে তুলতে চায়। নতুন নতুন জামাকাপড়ের সঙ্গে চাই মানানসই সাজ। কয়েকটি বিষয় মাথায় রাখলেই পূজায় হয়ে উঠতে পারেন আকর্ষণীয়। কোন ধরনের পোশাকের সঙ্গে প্রয়োজন কোন ধরনের মেকআপ চলুন জেনে নেওয়া যাক । রূপবিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পোশাকের সঙ্গে মানানসই মেকআপের খুঁটিনাটি জানালেন মোহসীনা লাইজু

পূজায় দিনের মেকআপ করতে গিয়ে শুরুতেই ত্বক ভালো করে পরিষ্কার করে নিন। ত্বকের ধরনের সঙ্গে মিলিয়ে মুখে, ঘাড়ে, গলায় ফাউন্ডেশন লাগিয়ে নিন। আর এরপর হালকা ফেস পাউডার লাগিয়ে দিন। চোখের ওপরের পাতায় আই লাইনার লাগিয়ে নিন আর ইচ্ছা হলে পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে আইশ্যাডো ব্যবহার করতে পারেন। পোশাকের সঙ্গে ম্যাচ করে লিপস্টিক বা লিপগ্লস হলেই সকালের সাজ কমপ্লিট। পূজায় যদি সকালে বাইরে যান, তাহলে হালকা মেকআপই ভালো। সে ক্ষেত্রে রোদে ঘেমে কষ্টও হবে না আর মেকআপ গলে গিয়ে ঘেটেও যাবে না। সেক্ষেত্রে হালকা বিবি বা সিসি ক্রিম এবং কম্প্যাক্ট ব্যবহার করে নিয়ে মেকআপ সেরে ফেলুন। হালকা কাজল, লাইনার, পছন্দসই লিপস্টিক দিয়ে সেরে ফেলুন মেকআপ। ষষ্ঠীর দিন তো মূলত শুরু হয় প্যান্ডাল হপিং। তাই প্রথম দিন একটু হালকা মেকআপ করাই ভালো। হালকা রঙের যেকোনো সুতির পোশাকের সঙ্গে ফাউন্ডেশন, ফেস পাউডার, হালকা লিপস্টিক আর কাজলই যথেষ্ট।

রাতের জন্য ভারী মেকআপ রাখতেই পারেন। তবে ওয়েস্টার্নের সঙ্গে খুব ভারী মেকআপ করবেন না। ওয়ান পিসের সঙ্গে ম্যাট ফিনিশ লুক এখন ফ্যাশন ইন। অষ্টমীতে এথনিকের জন্য স্মোকি আইস লুক আর ডিফাইন্ডড লিপস খুব ভালো লাগবে। সেই সঙ্গে পোশাক অনুযায়ী মানানসই টিপও পরতে পারেন। রাতের সাজের জন্য ভালো করে ওয়াটার বেসড ফাউন্ডেশন ঘাড়ে, মুখে, গলায় লাগিয়ে নিন। চোখে গাঢ় রঙের আই শ্যাডো দিয়ে স্মোকি আইস করে নিন। আইলাইনার আর মাস্করার যথোপযোগ ব্যবহার করুন। আর ঠোঁট একে সুন্দর করে পছন্দমতো টেক্সচার অনুযায়ী লিপস্টিক লাগিয়ে নিন। পূজার পাঁচ দিনের জন্য তো সবাই এক বছর ধরে অপেক্ষা করে।

শাড়ির সঙ্গে সব ধরনের চুল বাঁধাই যায়

শোভন সাহা

রূপবিশেষজ্ঞ, শোভন মেকওভার

পূজার সাজ সাবেকিয়ানা হোক বা আধুনিক স্টাইল স্টেটমেন্ট। সম্পূর্ণটাই নির্ভর করবে আপনি ঠিক কেমন সাজে সেজে উঠতে চান তার ওপর। পূজার সবচেয়ে বড় আনন্দ সকালে অঞ্জলি দেওয়া আর বিভিন্ন মন্দির ঘুরে বেড়ানো। তাই পূজা দেওয়ার আগে নিজের সাজের প্রতি খেয়াল রাখতে হবে। পূজার দিনগুলোতে প্রতিদিনই চাই ভিন্ন সাজ আর আকর্ষণীয় লুক। পোশাক পরা থেকে শুরু করে চুল, মুখের সাজ সবকিছুতেই যেন পূজার রেশ পাওয়া শুভ্র সকালে পূজা করতে বসলে সুতির শাড়ি পরতে পারেন। দুপুরে গরম থাকবে। তাই দুপুরে সুতির শাড়ি, সুতির সালোয়ার-কামিজ হতে পারে বেস্ট অপশন। তা ছাড়া রাতের সাজে হাল ফ্যাশনের ট্রেন্ডি লুক বা গর্জিয়াস লুক নিতে পারেন। তবে সম্পূর্ণ সাজটাই নির্ভর করবে তারা কখন কীভাবে সেজে উঠতে চাইছে তার ওপর। ভারী গয়না, ভারী শাড়ি যেমন বেনারসি, কাতান পরেও কিন্তু পূজার সাজ দেওয়া যায়। আর এতে ফুটে ওঠে আভিজাত্য। যারা শাড়ি হিসেবে বেনারসি, কাতান শাড়ি বেছে নিতে চান তারা ভারী গয়না পরতে পারেন। আবার যারা সিল্ক, মসলিন শাড়ি পরবেন তারা একটু হালকা ধরনের গয়না বেছে নিতে পারেন। এখন অনেকেই দেশীয় ফ্যাশন হাউজের পোশাক পছন্দ করেন। বেশ হালকা কিন্তু দারুণ স্টাইল মেনটেন হয়। তাই এবার পূজায় এমন শাড়ির সঙ্গে বেশ ভালো। শাড়ির সঙ্গে সব ধরনের চুল বাঁধাই ভালো দেখায়। চুল খোলাও থাকতে পারে শাড়ির সঙ্গে। এতে ট্রেন্ডি লুক আসবে। ওদিকে সালোয়ার-কামিজ বা অন্য কোনো পোশাকের সঙ্গে খোঁপা না করাই ভালো। এর বদলে বেণি বা খোলা চুল ভালো দেখাবে। মূল কথা, আপনার সাজটা এমন হওয়া জরুরি, যাতে আপনি আরাম অনুভব করেন। পূজার দিনগুলোয় ঐতিহ্যবাহী পোশাকের বাইরের পোশাকেও সাজে ভিন্নতা আনতে পারেন। বিশেষত, সপ্তমী বা অষ্টমীর রাতে বাড়ির পূজা প্রাঙ্গণের আড্ডায় একটু হালকা ধাঁচের পোশাক পরতে পারেন। চাইলে ওয়েস্টার্ন লুকেও সেজে উঠতে পারেন।

চোখ ফোকাস করতে ফিশ কাট আই করতে পারেন

নাহিন ইসলাম

বিউটি ব্লগার, বিউটি বক্স

পূজার একেকদিনে একেক রকম সাজ সাজতে পারেন। তাই কোন দিন কেমন সাজবেন আগে থেকেই ঠিক করে নিন।

ষষ্ঠীতে চোখে হালকা কাজল টেনে ঠোঁটে দিতে পারেন গাঢ় লিপস্টিক। কপালে লাল বা খয়েরি টিপ মানিয়ে যাবে। সামনে হালকা সেট করে খোলা রাখতে পারেন চুল। সপ্তমী থেকে নবমী সকালের সাজে ছিমছাম ভাব রাখতে হালকা সাজ বেছে নিন। এতে মন্দিরে যাওয়া বা পূজার অঞ্জলি দেওয়ার সময় সাজে সজীব ভাব থাকবে। দিনের বেলা বেইজ করার জন্য ত্বকের টোনের সঙ্গে মিলিয়ে হালকা করে ফাউন্ডেশন লাগাতে পারেন। চোখের সাজে অফহোয়াইট হাইলাইট সঙ্গে আইলাইনার ব্যবহার করতে পারেন। লাগাতে পারেন মোটা করে মাশকারা, ঠোঁটে হালকা লিপস্টিক। চুলে দিতে পারেন বেলি ফুল, বেশি আঁটসাঁট না করে হালকা বেণি বা খোঁপায়। তবে রাতে উজ্জ্বল ও পরিপাটি সাজে নিজেকে মেলে ধরুন। চোখটাকে ফোকাস করার জন্য ফিশ কাট আই করতে পারেন লাইট কালার শ্যাডোর সঙ্গে সাদা সিমারি দিয়ে। গাঢ় করে আইলাইনার দিতে পারেন। ম্যাট কালারের লিপস্টিক দিতে পারেন হালকা ব্লাশন। চুল মেসি বান, হালকা খোঁপাও করা যায়। দিনটি সিঁদুর খেলার ও বিসর্জনের। এ দিন সাদা-লালের কম্বিনেশনে গর্জিয়াস সাজ বেছে নিন। চুল একটু আঁটসাঁট করে বেণি, মেসি বান, রিং বান, খোঁপা করতে পারেন। ফ্রেঞ্চ বেণি করে লাগাতে পারেন লাল গোলাপ। শাড়ি পরলে যেকোনো ডার্ক লিপস্টিক, ডার্ক আই করতে ব্রাউন কালার বা অ্যাশ ব্রাউন বেছে নিয়ে আই লিডের ওপর সিমারি বা শ্যাডো ব্যবহার করে লাইনারের মাধ্যমে লাইন টেনে নিতে পারেন।

খেয়াল রাখুন

হাত ব্যাগে টিস্যু, লিপস্টিক ও কাজল রাখুন, সাজ নষ্ট হলে তাৎক্ষণিক ঠিক করে যেন নেওয়া যায়। ছাতা রোদ-বৃষ্টিতে প্রয়োজনীয়, দিনভর ঘোরাফেরার পরিকল্পনা থাকলে সঙ্গে ছাতা রাখুন। অনেক বেশি হাঁটার পরিকল্পনা থাকলে ফ্ল্যাট হিলের জুতা, স্যান্ডেল বেছে নিতে পারেন। ম-পে ম-পে ঘোরার সময় সঙ্গে পানির বোতল ও স্যালাইন রাখতে ভুলবেন না, স্যালাইন পানি পানে শরীরে সহজে ক্লান্তি আসে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত