ত্বকের সুস্থতায় ভিটামিন-ই

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ এএম

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকে বয়সের ছাপ পড়ে। ত্বকে বয়সের ছাপ কমিয়ে আনতে ভিটামিন-ই খুব গুরুত্বপূর্ণ। ভিটামিন-ই কীভাবে কাজ করে জানালেন অ্যারোমা থেরাপিস্ট আমিনা হক

আমাদের ত্বকে প্রাকৃতিকভাবেই ভিটামিন-ই থাকে। তবে শুষ্ক, মিশ্র বা সাধারণ ত্বকের চেয়ে যাদের ত্বক তুলনামূলকভাবে তৈলাক্ত তাদের ত্বকে ভিটামিন-ই উপাদানের উৎপাদন বেশি হয়। তাই দেখা যায়, তৈলাক্ত ত্বক যাদের তাদের যতটা না বেশি ভিটামিন-ই প্রয়োজন, এর চেয়ে অনেক গুণ বেশি প্রয়োজন হয় শুষ্ক ত্বক যাদের। আবার তৈলাক্ত ত্বকের চেয়ে শুষ্ক ত্বকে বয়সের ছাপও পড়ে তাড়াতাড়ি। তাই স্বাভাবিকভাবেই যাদের শুষ্ক ত্বক তাদের ভিটামিন-ই এর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি।

ভিটামিন-ই এর পরিমাণ কমে কেন

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে থাকা প্রয়োজনীয় সব উপাদান উৎপাদন এবং কাজ করার ক্ষমতাও কমতে থাকে। একইভাবে শরীরে বিদ্যমান ভিটামিন-ই এর পরিমাণও কিন্তু আস্তে আস্তে কমে আসে। এর সঙ্গে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির সংস্পর্শে যত বেশি ত্বক আসবে ত্বকের ক্ষতিও ততবেশি হবে। কিছু কিছু উপাদান এই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির বিপক্ষে কাজ করে। তাদের মধ্যে ভিটামিন-ই অন্যতম। ভিটামিন-ই-তে রয়েছে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট। এই উপাদানের প্রধান কাজ হচ্ছে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে শক্তি সঞ্চয় করা এবং তা ব্যবহার করে ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করা। তবে একটা সময় ত্বক রক্ষা করতে করতে ভিটামিন-ই এর নিজস্ব কার্যক্ষমতাও কমে আসতে থাকে। এই পর্যায়ই ত্বকের জন্য প্রয়োজন হয় ভিটামিন ই-যুক্ত স্কিন কেয়ার প্রসাধন, যা ভিটামিন-ই-এর কার্যক্ষমতা পুনরায় বৃদ্ধি করতে সাহায্য করে।

অ্যান্টি এজিং প্রতিরোধ করে

যেকোনো ধরনের ত্বকের জন্যই ভিটামিন-ই অনেক বেশি কার্যকর এবং প্রয়োজনীয় উপাদান। তবে শুষ্ক ত্বক যাদের তারা যখনই কোনো প্রসাধন কিনতে যাবেন অবশ্যই খেয়াল করে দেখবেন ইনগ্র্যাডিয়েন্টস লিস্টে ভিটামিন-ই উপাদানটি উল্লেখ আছে কিনা। যাদের ত্বক খসখসে এবং রুক্ষ তাদের জন্য ভিটামিন ই-যুক্ত সিরাম ব্যবহারের বিকল্প নেই। হাত-পায়ের যতেœ বা চুলের যতেœও ভিটামিন ই-যুক্ত প্রসাধন ত্বক এবং চুলকে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করবে। মনে রাখতে হবে, যখনই আমাদের ত্বকে সেবামের উৎপাদন কমে যায় তখনই কিন্তু আমাদের ত্বকের চামড়া ঝুলে পরা, বলিরেখা দেখা দেওয়া, চামড়া কুঁচকে যাওয়া, মলিন হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে থাকে। বার্ধক্য রোধে ভিটামিন-ই উপাদানটির প্রয়োজনীয়তা অনেক বেশি। তবে ত্বক বা চুলের প্রসাধন যেমন ক্রিম, আই ক্রিম, সিরাম, ময়েশ্চারাইজার, হ্যান্ড ক্রিম, অয়েল বাছাই করার সময় ভিটামিন ই-যুক্ত প্রসাধন বেছে নিতে হবে। বিশেষ করে যাদের ত্বক খুব বেশি শুষ্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত