আগামী বছরের শুরুতেই নতুন কাঠামোতে বেতন

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২:৪৮ এএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই গেজেট আকারে বাস্তবায়ন করা হবে। এজন্য আগামী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। এ খাতে অর্থ বরাদ্দ দেওয়া হবে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে। অর্থ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, এ সরকারের মেয়াদেই নতুন পে-স্কেলের বাস্তবায়ন করা হবে। কীভাবে এটা এ মেয়াদেই কার্যকর হবে, সেটিও দেখবেন।

বাজেটেই বরাদ্দ বিষয়ে অর্থ উপদেষ্টা জানান, আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে-স্কেল কার্যকর করতে হলে চলতি অর্থবছরের বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে। ডিসেম্বরে বাজেট সংশোধনের সময় নতুন বেতন কাঠামোর বিধান যুক্ত করা হবে।

এ লক্ষ্যে সরকার গত ২৪ জুলাই নতুন পে-কমিশন গঠন করেছে। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশন জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই তারা সরকারের কাছে সুপারিশ জমা দেবে। কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডে বেতনের অনুপাত ৮ : ১ থেকে ১০ : ১-এর মধ্যে থাকবে। চিকিৎসা-ভাতা ও শিক্ষা-ভাতা বাড়ানোসহ কিছু ভাতা বৃদ্ধির প্রাথমিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বর্তমানে একজন সরকারি কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। কমিশন এ ভাতা বাড়ানোর পাশাপাশি অবসর-পরবর্তী সময়ে বাড়তি সুবিধা রাখার প্রস্তাব করবে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০১৫ সালের ফরাসউদ্দিন কমিশনের সুপারিশে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাতিল করা হয়। নতুন কমিশনও পদোন্নতির প্রক্রিয়া সহজ করার পক্ষে প্রস্তাব দিতে পারে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য বিশেষ ভাতার সুপারিশ করবে কমিশন। এক সদস্য বলেন, ডাক্তার, প্রকৌশলী, বিজ্ঞানী বা গবেষক হওয়ার প্রতি তরুণদের আগ্রহ কমে গেছে। মেধাবীদের এ খাতে টানতেই বিশেষ ভাতার প্রস্তাব দেওয়া হচ্ছে।

কমিশন মনে করছে, নতুন বেতন কাঠামো বেসরকারি খাতের ওপর চাপ সৃষ্টি করতে পারে। কারণ বিনিয়োগের পরিবেশ এখনো দুর্বল। এজন্য অক্টোবর মাসে ব্যবসায়ী চেম্বার ও সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করা হবে। এ ছাড়া বিভিন্ন শিল্প খাতের শ্রমিকদের মজুরি কাঠামো জাতীয় বেতন কাঠামোর বৃদ্ধির সঙ্গে সমন্বয় করার সুপারিশও কমিশন করবে।

বর্তমানে জাতীয় বেতন কাঠামোর আওতায় প্রায় ১৪ লাখ কর্মকর্তা-কর্মচারী আছেন। সশস্ত্র বাহিনী, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি ও বিচারকদের আলাদা বেতন কাঠামো রয়েছে। তবে এগুলোর সঙ্গেও নতুন কাঠামো সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব দেবে কমিশন। ২০২৫-২৬ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৪ হাজার ৬৮৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত