গোপালগঞ্জে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:০২ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ার একটি খাল থেকে মানিক বিশ্বাস (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে কোটালীপাড়া উপজেলার তেঁতুলবাড়ী গ্রামের একটি খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মানিক বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের ললীনি বিশ্বাসের ছেলে।

ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, বিকেলে তেঁতুলবাড়ী গ্রামের একটি খালে মানিকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে গিয়ে ডুবে মারা যায়। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আরও তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।

নিহতের দুলাভাই কদমবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, দুর্গাপূজায় ঘোরার জন্য গত বুধবার মোটরসাইকেলে করে খালাবাড়ি কোটালীপাড়া উপজেলার কালাবাড়ী গ্রামে যায় মানিক।

রাতে মোটরসাইকেলে করে খালাবাড়ি থেকে নিজ বাড়ি দিঘিরপাড় গ্রামে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি তেঁতুলবাড়ি গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে খালে পাড়ে যায়।

তিনি আরও বলেন, রাতে বাড়ি না ফেরায় ও মোবাইলফোন বন্ধ পাওয়ায় বিভিন্ন স্থান খোঁজাখুঁজি করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানিকের মরদেহ শনাক্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত