কর্ণফুলী টানেলে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৫

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৬:১০ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারাগামী ওই বাসটি দুর্ঘটনার শিকার হয়।

কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পতেঙ্গা থেকে আনোয়ারার দিকে যাওয়ার পথে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা আহত হন। পরে টানেল নিরাপত্তা টিম ও অ্যাম্বুলেন্সের সহায়তায় তাদের আনোয়ারায় নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। আহতদের কারও গুরুতর আঘাত নেই।

টানেলের ক্ষয়ক্ষতির ব্যাপারে তিনি বলেন, টানেলে বড় ক্ষতি না হলেও সাইড বোর্ড গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার সময় টানেলের ভেতরে থাকা প্রত্যক্ষদর্শী ইসলাম জানান, হঠাৎ দেখি বাসটি দুলতে দুলতে দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকে। কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় টানেল থেকে বের করা হন।

দুর্ঘটনার পর টানেলের ওই প্রান্তে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হলে টানেলে পুনরায় স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত