জাতিকে বিভক্ত করার পক্ষে নয় জামায়াত

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:২৯ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার পক্ষপাতী নয়।’ গতকাল শনিবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলন’-এ তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সম্প্রদায়ের মানুষ দশকের পর দশক ধরে একসঙ্গে বসবাস করে আসছি। বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির দিক থেকে যে কয়টি দেশ উল্লেখযোগ্য, তার মধ্যে বাংলাদেশ একটি বিশেষ স্থান দখল করে আছে। সর্বশেষ আদমশুমারির তথ্য অনুযায়ী, দেশের জনসংখ্যার ৯০.৮ শতাংশ মুসলমান, এবং বাকিরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের অনুসারী। তবে আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার পক্ষে নই।’

 তিনি আরও বলেন, ‘যেমন আমরা মুসলমানরা আল্লাহর ইচ্ছায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তেমনি অন্যান্য ধর্মের অনুসারীরাও তাদের নিজস্ব বিশ্বাস নিয়ে জন্মগ্রহণ করেছেন। সবাই আল্লাহর ইচ্ছায় এই পৃথিবীতে এসেছেন। মানুষের সামনে বিভিন্ন ধর্ম ও মতাদর্শ রয়েছে। আল্লাহ মানুষকে বিচার-বিবেচনা ও বিবেকের ক্ষমতা দিয়েছেন। সেই বিবেকের মাধ্যমেই মানুষ নিজের জন্য ধর্ম নির্বাচন করে।’

জামায়াত আমির আরও বলেন, ‘একজন শিক্ষিত মানুষ জাতির জন্য যে ক্ষতি করতে পারে, তা হাজারো অশিক্ষিত মানুষ মিলেও করতে পারে না। স্বাধীনতার এত বছর পরও আমরা একটি মানবিক সমাজ গঠন করতে পারিনি। এ ক্ষেত্রে ওলামায়ে কেরামকে জাতির পথপ্রদর্শক হিসেবে এগিয়ে আসতে হবে। তাদের জ্ঞানকে কোরআন ও হাদিসের আলোকে জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।’

 সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় ওলামা বিভাগীয় কমিটির সভাপতি আবদুল হালিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্য নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত