লিবিয়ার সাগরতীর থেকে ২ দিনে ৬১ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। লিবিয়ার জরুরি স্বাস্থ্য পরিষেবা সংস্থার বরাতে গতকাল রবিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স। দেশটির মেডিসিন ও সাপোর্ট সেন্টারের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাজধানী ত্রিপোলি থেকে পশ্চিমে উপকূলবর্তী দুই এলাকা মেল্লিতাহ থেকে ৩ জনের এবং জুওয়ারা থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল শনিবার জুওয়ারা, আবু কাম্মাশ ও মেল্লিথার সাগরতীর থেকে থেকে উদ্ধার করা হয় আরও ৪৬ জনের মরদেহ।
গত সেপ্টেম্বরের মাঝামাঝি লিবিয়ার উপকূল থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেছিল একটি ইঞ্জিনচালিত নৌযান। সেই নৌযানে ছিলেন কমপক্ষে ৭৫ জন অভিবাসনপ্রত্যাশী, যাদের বেশিরভাগই সুদানের নাগরিক। সাগরপথে কিছুদূর অগ্রসর হওয়ার পর নৌযানটিতে আগুন ধরে যায়। পরে আর সেটির কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মৃত এই ব্যক্তিরা সেই নৌকাটির যাত্রী ছিলেন।
