নাশকতার মামলায় সাবেক এমপি মুক্তি কারাগারে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম

নাশকতার চার মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জেলার কালিয়া ও নড়াগাতী এলাকায় নাশকতার চার মামলায় তাকে আদালতে হাজির করা হলে তার আইনজীবিরা জামিন চাইলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কালিয়া থানার দুই নাশকতা মামলায় মুক্তিকে প্রথমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। আদালতের বিচারক রত্না সাহা তার জামিন নামঞ্জুর করেন। এরপর নড়াগাতী থানায় দায়েরকৃত আরো দুই নাশকতা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে নেয়া হয়। এই আদালতেও জামিন নামঞ্জুর করে মুক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মারুফ হাসান।

সকাল ৯টার পরই কড়া পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে মুক্তিকে নড়াইলের আদালতে আনা হয়।

এদিকে গত ২৪ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে রাজধানীর গুলশান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত ২৫ সেপ্টেম্বর মুক্তির ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ।

মুক্তির আইনজীবি সৈয়দ শরিফুল ইসলাম নান্তু বলেন, চারবারের নির্বাচিত সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তির জামিন আবেদন করা হয়েছিল। আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা এরপর জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করবো।

ইতোমধ্যে সাবেক এমপি মুক্তি ও তার স্ত্রী চন্দনা হকের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মুক্তি নড়াইল-১ আসন থেকে ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকায় প্রকাশ্যে দেখা যায়নি তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত