সাম্প্রতিক সময়ে একক নাটক নিয়ে যারপরনাই ব্যস্ত সময় কাটাচ্ছেন তরুণ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সবাই যখন দেশ-বিদেশ ঘুরে বেড়ানো আর চলচ্চিত্র এবং ওটিটিতে কাজ করার সুযোগ খুঁজছেন, তানিয়া সেখানে একচেটিয়া অভিনয় করে যাচ্ছেন মিনি পর্দায়। বলা চলে চলমান সময়ে যেন নির্মাতাদের কাছে অপরিহার্য হয়ে উঠেছেন তানিয়া। প্রতিনিয়তই প্রকাশ পাচ্ছে তার একক নাটক। গত মাসেই এক এক করে প্রকাশ পেয়েছে তানিয়া অভিনীত একগুচ্ছ নাটক। প্রকাশিত নাটকগুলোর মধ্যে মিতুল খানের ‘সুইট প্রেমিক’ নাটকটি বেশ সাড়া ফেলেছে। কিছুদিন আগেই তুহিন হোসেনের ‘জয়িতার দিনরাত্রি’ নামের একটি নাটক প্রকাশিত হয়। এতে নাম ভূমিকায় অভিনয় করেন বৃষ্টি। ‘এই শহরে মেঘেরা একা’ ‘সুইট প্রেমিক’, ‘কাবিনের বোঝা’ ও ‘রেগে গেলাম তো হেরে গেলাম’র জন্য একটু একটু করে বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি।
তানিয়া বৃষ্টি বলেন, ‘সত্যি বলতে এই সময়টাতে আমি অনেক ভালো ভালো গল্পের নাটকে কাজ করার সুযোগ পাচ্ছি। চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার সুযোগ আসছে। এটা আমার জন্য অনেক অনেক ভালোলাগার একটি বিষয়। অনেক কষ্ট সংগ্রামের পর আজ একজন অভিনেত্রী হিসেবে আলহামদুলিল্লাহ ভালো একটি অবস্থানে আসতে পেরেছি। দর্শক আমার অভিনীত প্রতিটি নাটক প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করেন, আমার অভিনীত নাটক দেখে তারা তাদের ভালোলাগার কথা প্রকাশ করেন এটাই তো আসলে চেয়েছিলাম আমি। দর্শকের জন্যই তো আসলে ভালো ভালো গল্পের নাটকে কাজ করার চেষ্টা করি। এখন গল্প নিজের মনের মতো নির্বাচন করতে পারছি। ভালো লাগলে কাজ করছি, না ভালো লাগলে করছি না। এই যে গল্প নির্বাচনে, চরিত্র নির্বাচনে স্বাধীনতাটা, এটা সব শিল্পীই চায়।’
