সরকারের ব্যর্থতায় জুলাই যোদ্ধারা রাস্তায়

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:০৬ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা জুলাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে।’

গতকাল শুক্রবার রাজধানীর মিরপুর-১০-এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে ঢাকা-১৫ আসনের এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘জুলাই বিপ্লবপূর্ব বাংলাদেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, অপরাধ ও জুলুমবাজিতে গোটা দেশ ছেয়ে গিয়েছিল। কিন্তু ফ্যাসিবাদের পতনের পর জনগণের মধ্যে যে আশাবাদের সৃষ্টি হয়েছিল, অন্তর্বর্তী সরকার সে ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দেশে দুর্নীতি ও অনিয়ম এখনো রয়ে গেছে। সরকার জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে পরেনি। তাই এ অবস্থার একটি ইতিবাচক পরিবর্তন দরকার।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মার খাওয়া লজ্জাজনক। অনেকের দাবি মেনে নেওয়া হচ্ছে অথচ তাদের বঞ্চিত করা হচ্ছে এটা ঠিক হচ্ছে না। বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে জুলুমের শিকার হতে হয়নি। তাই জুলাই মজলুমদের কষ্ট আমরাই সবচেয়ে ভালো বুঝি।’

জামায়াত জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি বলেও উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘সুযোগ থাকা সত্ত্বেও জামায়াত কোনো অপরাধে লিপ্ত হয়নি। এমনকি সামনের দিনগুলোতে কাউকে অপরাধ করতে দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা।’

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে ও ঢাকা-১৫ আসনের সদস্য সচিব ও মিরপুর পূর্ব থানার আমির শাহআলম তুহিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহম্মদ তসলিম ও ঢাকা মহনগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত