রেসিপি দিয়েছেন মারজানা তাবাসসুম অন্যা
ভেজিটেবল নাগেটস
উপকরণ
সেদ্ধ আলু ৪টি, গাজর মিহি কুচি আধা কাপ, সেদ্ধ কর্ন সিকি কাপ, ফুলকপির ছোট টুকরা আধা কাপ, বাঁধাকপি কুচি সিকি কাপ, মটরশুঁটি সিকি কাপ, ঢাকাই পনির আধা কাপ, চালের গুঁড়া সিকি কাপ, পাউরুটির গুঁড়া আধা কাপ, কর্নফ্লাওয়ার সিকি কাপ, লবণ ১ চা চামচ, চিলিফ্লেক্স ১ চা চামচ, অরিগ্যানো ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, আদা ও রসুনের গুঁড়া মেশানো ১ চা চামচ, চাট মসলা ১ চা চামচ, ডিম ১টি, ব্রেডক্রাম আধা কাপ, তেল ১ কাপ।
যেভাবে তৈরি করবেন
১. আলুকে ম্যাশ করে নিন। গাজর কুচি, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি হালকা ভাপে সেদ্ধ করুন।
২. এবার ম্যাশ করা আলুর সঙ্গে ডিম বাদে সব সবজি ও বাকি উপকরণ দিয়ে ভালো করে মাখুন।
৩. মাখানো মিশ্রণ দিয়ে ছোট নাগেটসের মতো আকার বানিয়ে নিন।
৪. এবার নাগেটস ডিমে চুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে ডুবো তেলে ভেজে পরিবেশন করুন।
ক্রিস্পি হট অ্যান্ড শাওয়ার ভেজিটেবল
উপকরণ
আলু টুকরা এক কাপ, গাজর টুকরা এক কাপ, ফুলকপি টুকরা আধা কাপ, বেবিকর্ন আধা কাপ, ব্রকলি আধা কাপ, মাশরুম আধা কাপ, চালের গুঁড়া আধা কাপ, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ, চিলি সস এক কাপের চার ভাগের এক ভাগ, সয়াসস ২ টেবিল চামচ, ওয়েস্টের সস ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, চিলিফ্লেক্স ১ চা চামচ, স্প্রিং অনিওন ১ টেবিল চামচ, বাটার ৩ টেবিল চামচ, লেবুর রস দেড় চা চামচ, তিল ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. সব সবজি হালকা ভাপে সেদ্ধ করে নিন। এবার ময়দা, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, গোলমরিচের গুঁড়া, লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন।
২. সেদ্ধ সবজি ও মাশরুম ওই মিশ্রণে ডুবিয়ে দুবার ডুবো তেলে ফ্রাই করুন।
৩. এবার ফ্রাইপ্যানে বাটার নিয়ে এর মধ্যে রসুন কুচি ও চিলিফ্লেক্স দিয়ে হালকা নেড়ে এর মধ্যে সব সস দিয়ে নেড়ে ফ্রাই করা সবজি ভালো করে মিশিয়ে নিন।
৪. স্প্রিং অনিওন ও লেবুর রস দিয়ে চুলা থেকে নামিয়ে ওপরে সামান্য তিল ছড়িয়ে পরিবেশন করুন।
ক্যাবেজ রোল
উপকরণ
হালকা সেদ্ধ বাঁধাকপির আস্ত পাতা ৫টি, ফুলকপি কিউব করে কাটা আধা কাপ, মটরশুঁটি সিকি কাপ, ক্যাপসিকাম সিকি কাপ, সেদ্ধ চিকেন কিমা আধা কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা কুচি আধা টেবিল চামচ, বেসন পৌনে এক কাপ, সুজি আধা কাপ, লবণ ১ চা চামচ, তেল ১ কাপ।
যেভাবে তৈরি করবেন
১. ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ ভেজে লাল হলে এর মধ্যে সব সবজি দিয়ে দিন। হালকা সেদ্ধ হলে বেসন, সুজি বাদে সব উপকরণ দিয়ে ফিলিং রান্না করুন।
২. এবার বাঁধাকপির পাতা নিয়ে এর মধ্যে রান্না করা পুর দিয়ে রোলের মতো পেঁচিয়ে নিন।
৩. বেসন, সুজি, লবণ ও মরিচের গুঁড়ার সঙ্গে পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। রোল এই মিশ্রণে চুবিয়ে তেলে ভেজে নিন।
