মসজিদে হারামে যুক্ত হবে ৯ লাখ মুসল্লির জায়গা

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১২:২৩ এএম

সম্প্রতি সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান মক্কার মসজিদে হারামের পাশে একটি বিশাল উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন। ‘কিং সালমান গেট প্রকল্প’ নামের এ উদ্যোগের মাধ্যমে ভেতরে ও বাইরে মিলিয়ে প্রায় ৯ লাখ মুসল্লির জায়গা যুক্ত হবে।

রুয়া আল-হারাম আল-মাক্কি কোম্পানির তত্ত্বাবধানে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পের মোট আয়তন হবে প্রায় ১ কোটি ২০ লাখ বর্গমিটার। এটি হবে মক্কার কেন্দ্রীয় অঞ্চলে এক বহুমুখী আধুনিক নগর উন্নয়ন উদ্যোগ, যা মসজিদে হারামে প্রবেশ সহজ করবে এবং হাজিদের জন্য সেবার মান আরও উন্নত করবে।

সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, ‘কিং সালমান গেট’ প্রকল্পের মাধ্যমে মক্কার নগরায়ণ ও অবকাঠামো উন্নয়নে এক নতুন অধ্যায় সূচিত হবে। এটি জনপরিবহন নেটওয়ার্কের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে, যাতে আগত হাজি ও দর্শনার্থীরা সহজে মসজিদে হারামে প্রবেশ করতে পারেন।

প্রকল্পটিতে আবাসন, হোটেল, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সুবিধাসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রাখা হবে। একই সঙ্গে প্রায় ১৯ হাজার বর্গমিটার ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে, যাতে মক্কার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য অক্ষুন্ন থাকে।

রুয়া কোম্পানির তথ্যানুসারে, ‘কিং সালমান গেট’ প্রকল্প ২০৩৬ সালের মধ্যে সৌদি আরবে তিন লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে। সৌদি ভিশন ২০৩০-এর অর্থনৈতিক রূপান্তরের লক্ষ্যে এটি হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

যুবরাজ মুহাম্মদ বিন সালমানের এই উদ্যোগ মক্কাকে আধুনিক নগর পরিকল্পনার এক বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।

লেখক : মাদ্রাসাশিক্ষক ও অনুবাদক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত