আ.লীগের নির্বাচনে আসার কোনো সুযোগ নেই

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ এএম

আওয়ামী লীগের নির্বাচনে আসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে সব দল ইতিমধ্যে ঐকমত্য পোষণ করেছে। নির্বাচন নিয়ে সরকারের ওপরে কোনো চাপ নেই। এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ হবে। বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই ভোট দিতে আসবেন। ছাত্র কাউন্সিল চারটা নির্বাচন হয়েছে, কত লোক ভোট দিতে এসেছে ঠিক তেমনই জাতীয় নির্বাচনে সবাই ভোট দিতে আসবে।

গতকাল শুক্রবার সকাল ১০টায় মাগুরা শহরের ঢাকার রোড নবগঙ্গা ব্রিজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বাঁধে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সনদে সবাই ঐকমত্য পোষণ করেছে তবে যে কয়েকটি দল এখনো স্বাক্ষর করেনি তাদের সম্মতি রয়েছে। জাতীয় ঐকমত্যের কমিটির সিদ্ধান্ত মোতাবেক গণভোট জাতীয় নির্বাচনের আগে বা পরে অনুষ্ঠিত হতে পারে। রাজনৈতিক দলের সঙ্গে ন্যাশনাল কনসেসিয়াস কমিশন বসে এটা ঠিক করবে। এ বিষয়ে সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।

তিনি বলেন, আরপিওতে না ভোট রাখা সিদ্ধান্ত হয়েছে। কারণ কোনো ক্ষেত্রে একজন ক্যান্ডিডেট থাকলে জনগণ তার বিপরীতে না ভোট প্রয়োগের মাধ্যমে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ থাকবে।

 প্রেস সচিব আরও বলেন, গত ১৭ বছরে হাসিনার সময় কেউ ভোট দিতে পারিনি। হাসিনার এমপিরা প্রত্যেকটা নির্বাচনে টাকার বিনিময়ে প্রতিনিধি দিতেন। ওই টাকাটা রুলিং পার্টির নেতারা নিয়েছেন। যার ফলে জনগণ ভোট দিতে পারেনি। আমাদের দৃঢ় বিশ্বাস সামনে ফেব্রুয়ারির প্রথমার্ধে একটা গ্রহণযোগ্য সুন্দর নির্বাচন হবে।

আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনে কোনোভাবেই অংশ নিতে পারবে না। তারা খুন-গুম করেছে, দেশের মানুষের প্রতি জুলুম করেছে। এত বড় হত্যাযজ্ঞ ঘটিয়েও যারা অনুতপ্ত না, তাদের কেউ চায় না। এ ব্যাপারে দেশি-বিদেশি কোনো ধরনের চাপ নেই। আমাদের কেউ বলছে না, ওদের নির্বাচনে ফিরিয়ে আনেন, উল্টো আরও বলছেন ওদের নির্বাচনে আনা যাবে না। এই যে ১৭-১৮ বছর ছেলে-মেয়েদের খুন করে দেশ ছেড়ে পালিয়েছেন, তবুও তো একবিন্দু অনুতপ্ত হচ্ছেন না তারা।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের (সার্বিক), গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ ইসলাম পারভেজ, মাগুরা সদর থানার ওসি মোহাম্মদ আইয়ুব আলীসহ স্থানীয় বিশিষ্ট নাগরিক ও গণমাধ্যমকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত