৩ দেশে সরকার বদলের কারণ দুর্বল শাসন

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৭:১১ এএম

দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন অনেকটাই বদলেছে। গত সাড়ে তিন বছরে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তন এ বদলের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে। এ তিন দেশের সরকার পতনের পেছনে ‘দুর্বল ও অদক্ষ শাসন’ মূল কারণ ছিল বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। গত শুক্রবার ভারতের জাতীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত সর্দার প্যাটেল স্মারক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। সুশাসন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দোভাল বলেন, শাসনব্যবস্থা ‘জাতি গঠনের প্রক্রিয়ায়’ এবং রাষ্ট্রের সুরক্ষায় একটি ‘মূল ভূমিকা’ পালন করে।

অজিত দোভাল বলেন, মহান সাম্রাজ্য, রাজতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, অভিজাততন্ত্র বা গণতন্ত্রের উত্থান ও পতন আসলে তাদের শাসনব্যবস্থারই ইতিহাস। সম্প্রতি বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্যান্য দেশে অসাংবিধানিক পন্থায় সরকার পরিবর্তনের ঘটনাগুলো আসলে দুর্বল শাসনেরই নজির। প্রতিবেশী দেশগুলো সম্পর্কে তার এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের সমর্থকদের অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠেয় আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন। জাতি গঠনে শাসনব্যবস্থার ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে দোভাল বলেন, আমি বিশ্বাস করি, জাতি গঠন প্রক্রিয়ায়, একটি জাতিকে সুরক্ষিত করতে এবং এর লক্ষ্য ও আকাক্সক্ষা অর্জনে সহায়তা করার ক্ষেত্রে শাসনব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় তিনি অভ্যন্তরীণ দুর্বলতা ও অদক্ষ প্রশাসনের কারণে ইতিহাসে বিভিন্ন সাম্রাজ্যের উত্থান-পতনের উদাহরণও তুলে ধরেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষ আরও সচেতন এবং উচ্চাকাক্সক্ষী হয়ে উঠেছে। রাষ্ট্রের কাছ থেকে তাদের প্রত্যাশা বেশি, তাই জনগণের সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হয় রাষ্ট্রকে।

অজিত দোভাল বলেন, একটি দেশের শক্তি নিহিত রয়েছে শাসনব্যবস্থায়। দেশের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সরকারের কাজ এবং জাতি নির্মাণের কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হলেন তারা, যারা এ প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলে ও সঠিকভাবে পরিচালনা করে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনব্যবস্থার প্রশংসা করে তিনি বলেন, ভারত এখন একটি কক্ষপথীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এক ধরনের শাসন, এক ধরনের সরকার এবং সামাজিক কাঠামো থেকে সরছে, পাশাপাশি এটি বিশ্বব্যবস্থায় নিজের অবস্থান পরিবর্তন করছে। তিনি বলেন, যখন পরিবর্তন আসে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য পরিষ্কার রাখা ঝড়-ঝাপ্টার ভেতরেও যেন চোখ না বন্ধ হয়, ভয় বা বিভ্রান্তিতে যেন পথ হারানো না হয়। নিজেকে সজ্জিত এবং প্রস্তুত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত