সনদ বাস্তবায়নের আদেশ জারি চায় এনসিপি

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:২১ এএম

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতৈক্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের বেঁধে দেওয়া সময়সীমার সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারকে অতিদ্রুত সময়ের মধ্যে দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি। এ সময় আখতার হোসেন বলেন, ‘আমরা অত্যন্ত হতাশার সঙ্গে লক্ষ্য করছি, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে। সরকার নিজেরা উদ্যোগ না নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিষয়টি ঠেলে দিয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি সংস্কার বাস্তবায়নের পথে বাধা হচ্ছে। বিএনপি সংস্কারকে ধারণ করে না। সরকারের ভেতরের কোনো একটা অংশ নির্বাচনকে ভন্ডুল করতে চাচ্ছে। কিন্তু জনগণ এটা হতে দেবে না।’ এনসিপির সদস্য সচিব বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সরকারকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে।’ এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে। তিনি আরও বলেন, দলীয় মতামত গণভোটে যাওয়া উচিত না। আদেশ জারির সুনির্দিষ্ট তারিখ সরকার ঘোষণা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বহুদলীয় গণতন্ত্র নষ্টের জন্য একটি দল উঠেপড়ে লেগেছে। গণতন্ত্রকে গলা টিপে হত্যার চেষ্টা জনগণ রুখে দেবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসনে প্রার্থী হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তার মাধ্যমে গণতন্ত্র আরও সুসংহত হবে। জুলাই অভ্যুত্থানের ফসল হিসেবে যেহেতু তিনি নির্বাচন করতে পারছেন, সেহেতু সংস্কার বাস্তবায়নে তিনি এগিয়ে আসবেন বলে আশা রাখি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত