এটলাসের ইলেকট্রিক মোটরবাইক বাজারজাত শুরু

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১১:২১ পিএম

এটলাস ইভি-ব্র্যান্ডের ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাত করা শুরু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড। এই ইলেকট্রিক মোটরসাইকেলের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে গতকাল বুধবার।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) আনুষ্ঠানিকভাবে নিজস্ব ব্র্যান্ড ‘এটলাস ইভি’ নামে পরিবেশবান্ধব ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাত শুরু করেছে।

টঙ্গীতে এটলাসের কারখানায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান আনোয়ারুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সরকার গ্রিন মবিলিটি বা পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তনে এবং আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এটলাস বাংলাদেশের মতো একটি বিশ্বস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের এ উদ্যোগটি ইলেকট্রিক ভেহিকেল-সংক্রান্ত জাতীয় নীতি বাস্তবায়নে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এটি শুধু আমাদের কার্বন নিঃসরণ হ্রাস করবে এবং জীবাশ্ম জ্বালানির পেছনে ব্যয় হওয়া মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে তাই নয়, বরং এটি সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা পৌঁছে দেবে।

শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, এবিএলের মতো একটি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ‘এটলাস ইভি’ বাজারে আসায় ক্রেতার জন্য গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত হলো। এ উদ্যোগটি দেশের অভ্যন্তরে উচ্চপ্রযুক্তির উৎপাদন শিল্পকে উৎসাহিত করার যে শিল্পনীতি আমাদের রয়েছে, তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আমরা ইলেকট্রিক যানবাহনের জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করছি এবং এ খাতে এটলাস বাংলাদেশের নেতৃত্ব আরও উদ্ভাবন ও বিনিয়োগকে অনুপ্রাণিত করবে।

এটলাস কর্তৃপক্ষ জানায়, চলতি বছর মে মাসে চীনের প্রতিষ্ঠান ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোং লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সফল বাস্তবায়নের অংশ হিসেবে এ মোটরসাইকেল বাজারে আনা হচ্ছে। এর দাম ১ লাখ টাকার ওপর থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত